অধিকৃত পশ্চিম তীরে গাজা উপত্যকার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ।
রোববার (২৭ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথকে দেওয়া সাক্ষাৎকারে স্মোটরিচ বলেন, পশ্চিম তীরেও ‘গাজায় যা করা হয়েছে, তা করা উচিত’। একই সঙ্গে সীমিতভাবে পশ্চিম তীরের কিছু অংশ পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) বিলুপ্ত করার দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।
স্মোটরিচের এ বক্তব্যের সময় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচলে ইসরায়েলি বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। বিভিন্ন চেকপোস্ট ও সড়ক বন্ধ থাকায় অনেক এলাকায় কর্মস্থল, বাড়ি ও প্রয়োজনীয় সেবায় যাতায়াত ব্যাহত হচ্ছে।
ফিলিস্তিনি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় ১ হাজার ২০৬ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১৩ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২৬ হাজার মানুষকে।
এসব হামলায় ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস, কৃষিজমি দখল ও ক্ষতিগ্রস্ত করা, ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং অবৈধ বসতি সম্প্রসারণের অভিযোগ রয়েছে।
সময়ের আলো/জেডি