যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সমাধানে কূটনীতিই একমাত্র পথ বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর রোববার (২৭ সেপ্টেম্বর) এ অবস্থান জানায় ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নির্দিষ্ট শর্ত পূরণের ওপর নির্ভর করছে। তার ভাষায়, আলোচনার মাধ্যমেই বর্তমান অচলাবস্থা থেকে বের হওয়া সম্ভব।
গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবটি পাঠায় তেহরান। এতে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আঞ্চলিক সংঘাত থামানোর পথ তৈরির কথা বলা হয়।
তবে ট্রাম্প শনিবার জানান, তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। যদিও রোববার তিনি বলেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইরানের সঙ্গে আরও আলোচনা করতে পারেন।
আরাঘচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের কাছ থেকে এখনো যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাব পায়নি তেহরান।
এদিকে ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেন, যুদ্ধ একটি ‘গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক’ পর্যায়ে রয়েছে। ইরান বাণিজ্য করতে না পারলে আঞ্চলিক জলপথ ব্যবহার করে অন্যদেরও বাণিজ্য করার সুযোগ দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতে এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ জড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালিতে সংঘাতের কারণে তেল পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, পরমাণু কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় তেহরান প্রস্তুত। তবে ‘চাপ বা জবরদস্তি’ মেনে কোনো সমঝোতায় যাবে না ইরান।
সময়ের আলো/জেডি