আনন্দ র্যালি, উচ্ছ্বাস আর শিশু-কিশোরদের অংশগ্রহণের মধ্য দিয়ে গতকাল রাজধানীর আলোকি কনভেনশন হলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
বেলা ১১টায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আনন্দ র্যালির মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। র্যালিতে অংশ নেন ছোটকাকু চরিত্রে অভিনয় করা অভিনেতা আফজাল হোসেনও। শিশু-কিশোরদের উচ্ছ্বাস আর আনন্দের মধ্য দিয়ে র্যালিটি উৎসবস্থলে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় উৎসবের উদ্বোধনী আয়োজন। এতে উপস্থিত ছিলেন ছোটকাকুর স্রষ্টা ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলামসহ আরও অনেকে।
আফজাল হোসেন জানান, ছোটকাকুতে অভিনয় শুরুর সময় তিনি অভিনয় থেকে প্রায় দূরেই সরে গিয়েছিলেন। কিন্তু শিশুদের জন্য কিছু করার দায়বোধ থেকেই চরিত্রটির সঙ্গে যুক্ত হন। উৎসবের দুদিন শিশু-কিশোরদের সঙ্গে তিনি থাকবেন। সেই সঙ্গে উপস্থিত থাকবেন ১৫ বছর ধরে ছোটকাকুতে অভিনয় করা শিল্পীরাও।
অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর ছোটকাকু চরিত্রটিকে পর্দায় প্রাণ দেওয়ার জন্য অভিনেতা আফজাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আফজাল হোসেন ছোটকাকু চরিত্রের সঙ্গে এতটাই মিশে গেছেন যে অনেকেই তাকে সরাসরি ছোটকাকু নামে ডাকেন। সেই জনপ্রিয় চরিত্রকে ঘিরেই এই দুদিনের এ উৎসবের আয়োজন।
রহস্য, রোমাঞ্চ ও বিনোদনের পাশাপাশি সাহস, আত্মবিশ্বাস, পর্যবেক্ষণশক্তি এবং অন্যকে সহযোগিতা করার মতো ইতিবাচক বার্তা নিয়ে দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের সঙ্গে রয়েছে ছোটকাকু। এবার সেই প্রিয় চরিত্রকে ঘিরেই আয়োজিত উৎসব হয়ে উঠেছে শিশু-কিশোরদের মিলনমেলা। দুদিনের এ আয়োজনে রয়েছে নানা মজার প্রতিযোগিতা, পুরস্কার, আড্ডা, আলোচনা ও বিনোদনমূলক অনুষ্ঠান। শিশু-কিশোরদের পাশাপাশি পুরো পরিবার নিয়েও উৎসবে অংশ নেওয়ার সুযোগ থাকছে।
সময়ের আলো/প্রিন্ট/টিকে