‘চেহারা’ ভাড়া দিয়ে আয় ১৮ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শুটিং স্পটে যেতে হচ্ছে না, ক্যামেরার সামনে দাঁড়ানোরও প্রয়োজন নেই। এমনকি পরিচালকের বকাঝকাও শুনতে হচ্ছে না। শুধু নিজেদের চেহারা বা

2026-09-29T17:26:57+00:00
2026-09-29T17:26:57+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘চেহারা’ ভাড়া দিয়ে আয় ১৮ লাখ টাকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম 
ছবি : সংগৃহীত
শুটিং স্পটে যেতে হচ্ছে না, ক্যামেরার সামনে দাঁড়ানোরও প্রয়োজন নেই। এমনকি পরিচালকের বকাঝকাও শুনতে হচ্ছে না। শুধু নিজেদের চেহারা বা মুখাবয়ব ব্যবহারের অনুমতি দিয়েই আয় করছেন চীনের সাধারণ মানুষ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তাদের মুখাবয়ব ব্যবহার করে তৈরি হচ্ছে বিভিন্ন চরিত্র, যা পরে বিজ্ঞাপন, নাটক ও ভিডিও গেমে ‘ডিজিটাল অভিনেতা’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চীনে ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কাছে সাধারণ মানুষ নিজেদের চেহারা কার্যত ‘ভাড়া’ দিচ্ছেন। সেই মুখাবয়বের ভিত্তিতে তৈরি করা হচ্ছে এআই অভিনেতা-অভিনেত্রী, যাদের বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্টে ব্যবহার করা হচ্ছে।

চেহারা ব্যবহারের ধরন, সময়কাল ও চুক্তির শর্তের ওপর নির্ভর করে এর পারিশ্রমিকও ভিন্ন হচ্ছে। একটি ছবি বা ভিডিওতে ব্যবহারের জন্য পারিশ্রমিক ৫০ ইউয়ান (প্রায় ৭ ডলার) থেকে শুরু করে ১ লাখ ইউয়ান (প্রায় ১৫ হাজার ডলার বা ১৮ লাখ ৪৬ হাজার টাকা) পর্যন্ত হতে পারে।

২৭ বছর বয়সী ব্যাংক কর্মকর্তা হুয়াংও এই সুযোগ কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। অনলাইনে নিজের চেহারার স্বত্ব ব্যবহারের বিজ্ঞাপন দেওয়ার পর মাত্র তিন দিনের মধ্যে তার ডিজিটাল চেহারা সাতবার বিক্রি হয়। এতে তিনি প্রায় ২ হাজার ৬০০ ইউয়ান বা ৩৭০ ডলার আয় করেন।


চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এখন চেহারা ব্যবহারের অনুমতি দিতে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে এআই কনটেন্ট নির্মাতাদের যোগাযোগ করিয়ে দিচ্ছে। কার মুখাবয়ব কী ধরনের কনটেন্টে ব্যবহার করা হবে এবং চুক্তিতে কী কী শর্ত থাকবে, তার ওপর নির্ভর করে নির্ধারিত হচ্ছে পারিশ্রমিক।

এদিকে চীনে এআই দিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য নাটকের বাজারও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। প্রতিটি দৃশ্যের জন্য অভিনেতা নিয়োগের তুলনায় এআই দিয়ে ডিজিটাল চরিত্র তৈরি করা অনেক কম ব্যয়বহুল। একই সঙ্গে এসব চরিত্রের পোশাক, পরিবেশ, অঙ্গভঙ্গি ও সংলাপও দ্রুত পরিবর্তন করা যায়। ফলে স্টুডিওতে অভিনেতাদের উপস্থিতি ছাড়াই তৈরি করা সম্ভব হচ্ছে বিভিন্ন ধরনের দৃশ্য।

এআই প্রযুক্তির এই ব্যবহার সাধারণ মানুষের জন্য যেমন নতুন আয়ের সুযোগ তৈরি করছে, তেমনি বিনোদন ও বিজ্ঞাপন খাতেও বদলে দিচ্ছে কনটেন্ট তৈরির প্রচলিত পদ্ধতি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   চেহারা  ভাড়া  লাখ টাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: