গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাজার থেকে চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—রাকিব হাসান (৩০), মেহেদী শেখ (২৫), সুলতান ইসলাম (২৬), সামিউল ইসলাম (২২), মারুফুর রহমান মারুফ (৩৩) ও আব্দুল হামিদ বাবু (৩৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ইজিবাইকচালক মোশারফ হোসেন ইজিবাইক নিয়ে তুলসীঘাট বাজারে যান। তিনি বাজারের গোলাপ মিয়ার ডে-নাইট কনফেকশনারির সামনে ইজিবাইক রেখে পাশের একটি চায়ের দোকানে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, ইজিবাইকটি সেখানে নেই।
পরে বাজার ও আশপাশের এলাকায় খোঁজ করেও ইজিবাইকটির সন্ধান না পেয়ে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেন মোশারফ হোসেন।
অভিযোগের পর ইজিবাইকটি উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে তুলসীঘাট এলাকার বিসিআইসি বাফার সার গোডাউনের পশ্চিম পাশে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে অভিযান চালানো হয়। সেখান থেকে চুরি যাওয়া ইজিবাইকসহ ছয়জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেফতার ব্যক্তিদের ইজিবাইক চুরির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ইজিবাইকটি দ্রুত উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী চালক মোশারফ হোসেন। পুলিশ চালকদের ইজিবাইক বাজার বা সড়কের পাশে রেখে যাওয়ার সময় আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
সময়ের আলো/এসএকে