জামালপুরে নিয়োগপত্রের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েও ৫১ জন নিয়োগপ্রত্যাশী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দ্বিতীয় তলায় তারা অবস্থান নিয়ে অনশন শুরু করেন।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান বলেন, আমি ঢাকায় আছি। তাদের জন্যই কাজ করছি। তবে কার কোন ধারায় কী সমস্যা হয়েছে তা আমি এখনও জানি না। একটু ধৈর্য ধরতে হবে। আশা করি ভালো কিছু হবে।
নিয়োগ বঞ্চিতরা জানান, জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৩৬ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়। ১ম ধাপে গত ২৪ সেপ্টেম্বর ৮৪ জন ও ২য় ধাপে ২৮ সেপ্টেম্বর একজন করে মোট ৮৫ জন নিয়োগপত্র পেয়েছেন।
কিন্তু কোনো আইনগত জটিলতা না থাকার পরও বাকি ৫১ জন সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ বঞ্চিত রয়েছেন। বৈধ কাগজপত্র থাকার পরও অজানা কারণে তাদের নিয়োগপত্র প্রদান করা হচ্ছে না। দ্রুত নিয়োগপত্র প্রদান করা না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন নিয়োগ বঞ্চিতরা।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে