কুষ্টিয়ার সদর উপজেলার চৌড়হাস এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। অভিযানে নয়ন প্যাকেজিং নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে কারখানা থেকে ৮৪৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং অবৈধভাবে পরিচালিত কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) পরিবেশ অধিদফতর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের নিয়মিত পলিথিনবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস এলাকায় নয়ন প্যাকেজিং নামের প্রতিষ্ঠানটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘন করে অবৈধভাবে পলিথিন উৎপাদন করে আসছিল। গোপন তথ্য ও নিয়মিত নজরদারির ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বর্ণিত আইনের ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে একটি মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হলে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। পরে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
অভিযানকালে কারখানায় মজুত ও উৎপাদিত বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনের মধ্যে ৮৪৫ কেজি পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিন পরবর্তীতে পরিবেশ অধিদফতর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের স্টোরে সংরক্ষণ করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ ও প্রচলিত আইন লঙ্ঘন করে পরিচালিত কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আকতার।
অভিযানে পরিবেশ অধিদফতরের পক্ষে প্রধান প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক নাসরিন সুলতানা। এ সময় পরিবেশ অধিদফতরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অভিযানে অংশ নেন।
অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কুষ্টিয়া পুলিশ বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করেন।
পরিবেশ অধিদফতর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুত ও ব্যবহার বন্ধে কুষ্টিয়া জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অবৈধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই পরিবেশ সংরক্ষণে আইন অমান্য করে পলিথিন উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন