মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা জাহরা এল মানসুরি। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সবচেয়ে বেশি আসন পাওয়ার পর তাকে সরকারপ্রধান নিয়োগ দেন রাজা ষষ্ঠ মোহাম্মদ।
৫০ বছর বয়সী এল মানসুরি এর আগে একাধিকবার মারাকেশের মেয়র ছিলেন। গত পাঁচ বছর তিনি দেশটির নগর ও আবাসনবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। পেশায় আইনজীবী এই রাজনীতিক মরক্কোর অন্যতম পরিচিত নারী রাজনীতিক।
আরব বিশ্বের কোনো দেশের সরকারপ্রধান হিসেবে তিনি দ্বিতীয় নারী। এর আগে তিউনিসিয়ার নাজলা বুদেন এ পদে দায়িত্ব পালন করেন।
তবে ৩৯৫ আসনের পার্লামেন্টে পিএএম পেয়েছে ৯৭টি আসন। সরকার গঠনে দলটিকে অন্য দলের সঙ্গে জোট করতে হবে। বিদায়ী সরকারের প্রধান দল ন্যাশনাল র্যালি অব ইন্ডিপেনডেন্টসের (আরএনআই) সঙ্গে পিএএমের সম্পর্কের অবনতি হওয়ায় জোট গঠন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
মরক্কো সাংবিধানিক রাজতন্ত্র। দেশটির সংবিধান অনুযায়ী, নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের মধ্য থেকেই প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাজা।
সময়ের আলো/জেডি