স্বাস্থ্য খাতে মাঠ পর্যায়ে ৪০ শতাংশ পদই শূন্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাস্থ্য অধিদফতরের মাঠ পর্যায়ে জনবল সংকট ক্রমেই প্রকট হচ্ছে। অধিদফতরের ১১ থেকে ২০তম গ্রেডের ৪০ শতাংশের বেশি পদই শূন্য। সব

2026-09-30T03:49:10+00:00
2026-09-30T03:49:10+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
স্বাস্থ্য খাতে মাঠ পর্যায়ে ৪০ শতাংশ পদই শূন্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৯ এএম 
ছবি : সংগৃহীত
স্বাস্থ্য অধিদফতরের মাঠ পর্যায়ে জনবল সংকট ক্রমেই প্রকট হচ্ছে। অধিদফতরের ১১ থেকে ২০তম গ্রেডের ৪০ শতাংশের বেশি পদই শূন্য। সব মিলিয়ে ৮৩ হাজারের বেশি অনুমোদিত পদের মধ্যে প্রায় ৩৫ হাজারই শূন্য। কোথাও একজন স্বাস্থ্য সহকারীকে একাধিক ওয়ার্ডের দায়িত্ব সামলাতে হচ্ছে, আবার মেডিকেল টেকনোলজিস্টের সংকটে ব্যাহত হচ্ছে পরীক্ষা-নিরীক্ষাসহ নানা সেবা। এতে টিকাদান, স্বাস্থ্যশিক্ষা, রোগ নির্ণয় ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় বাড়ছে চাপ। এমন পরিস্থিতিতে শূন্য পদগুলো দ্রুত পূরণে সংশ্লিষ্ট দফতরগুলোকে জরুরি ভিত্তিতে নিয়োগ শেষ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে জরুরি ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতি বাস্তবায়নে ধাপে ধাপে দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এএনএম বজলুর রশীদের সভাপতিত্বে গত ১৬ সেপ্টেম্বর শূন্য পদ পূরণের বিষয়ে একটি ভার্চুয়াল সভা হয়। সভার পর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন), বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতরের আগস্ট পর্যন্ত তথ্য বলছে, অধিদফতরের অনুমোদিত ১ লাখ ২৭ হাজার ১০১টি পদের মধ্যে প্রায় ৩৬ শতাংশই শূন্য। এর আগে চলতি বছরের শুরুতে প্রথম থেকে নবম গ্রেডে বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার ২০০ চিকিৎসক ও দন্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এরপরও ওই পর্যায়ে ২৪ শতাংশ পদ শূন্য রয়েছে।

বেশি সংকট সহকারী ও টেকনোলজিস্ট পদে : স্বাস্থ্য অধিদফতরের জনবল চিত্রে দেখা যায়, ১১ থেকে ১৬তম গ্রেডে সংকট উল্লেখযোগ্য। এ স্তরে স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও মেডিকেল টেকনোলজিস্টরা রয়েছেন। মাঠ পর্যায়ে টিকাদান, স্বাস্থ্যশিক্ষা, রোগ নির্ণয় ও প্যাথলজি সেবায় এসব কর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ছয় গ্রেডে অনুমোদিত মোট ৫৬ হাজার ৯০৮টি পদের মধ্যে ২০ হাজার ৯৯৫টিই শূন্য। অর্থাৎ প্রায় ৩৭ শতাংশ পদে কোনো জনবল নেই। স্বাস্থ্য সহকারী অখিল উদ্দিন বলেন, একজন স্বাস্থ্য সহকারীর একটি ওয়ার্ডে দায়িত্ব পালনের কথা। 

কিন্তু লোকবল না থাকায় অনেককে একাধিক ওয়ার্ডের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে কাজের চাপ বাড়ছে এবং সব ধরনের সেবা কাঙ্ক্ষিতভাবে দেওয়া কঠিন হয়ে পড়ছে। তবে আরও বেশি সংকট রয়েছে ১৭ থেকে ২০তম গ্রেডে। এ চার গ্রেডে অনুমোদিত ২৬ হাজার ২৯৫টি পদের মধ্যে ১৩ হাজার ৯৪৫টি পদই শূন্য। অর্থাৎ অর্ধেকেরও বেশি, ৫৩ শতাংশ পদে জনবল নেই।

দ্রুত নিয়োগের নির্দেশ : স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় সিভিল সার্জন কার্যালয়গুলোকে নিজ নিজ এলাকার শূন্য পদের বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয়েছে। অনুমোদিত পদগুলোর নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাজেট বরাদ্দের অভাবে যেসব কার্যালয়ের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, তাদের চলতি অর্থবছরের প্রয়োজনীয় তথ্যসহ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। আবার নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন করে কোনো পদ শূন্য হলে সেখানেও ছাড়পত্র নিয়ে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে বলা হয়েছে।


যেসব প্রতিষ্ঠানে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলোকে নতুন করে অনুমোদন নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। স্থানীয় বা আইনি জটিলতা, সীমানা, কোটা, প্রবেশপত্রে ভুল কিংবা সিটি করপোরেশনসংক্রান্ত সমস্যায় নিয়োগ আটকে থাকলে দ্রুত মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এএনএম বজলুর রশীদ বলেন, শূন্য পদগুলো দ্রুত পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে প্রয়োজনীয় কাগজপত্রও দেওয়া হয়েছে। তিনি জানান, প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের জন্য প্রয়োজনীয় অনুমোদন ইতিমধ্যে পাওয়া গেছে।

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগেও প্রক্রিয়া শুরু : এদিকে স্বাস্থ্য ক্যাডারে পাঁচ হাজার শূন্য পদে নিয়োগের জন্য ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন ও ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসকের পাশাপাশি মাঠ পর্যায়ের সহায়ক জনবল সংকটও দ্রুত কাটানো জরুরি। কারণ শুধু চিকিৎসক নিয়োগ করলেই স্বাস্থ্যসেবার সব স্তরে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়। স্বাস্থ্য সহকারী, মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য পদে জনবল বাড়ানো গেলে টিকাদান, স্বাস্থ্যশিক্ষা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের চাপ কমানো সম্ভব হবে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   স্বাস্থ্য খাত  মাঠ পর্যায়  ৪০ শতাংশ  পদ শূন্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: