আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশের ঘটনায় নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘটনাকে উসকানিমূলক ও অগ্রহণযোগ্য উগ্র কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে।
সোমবার ইহুদিদের সুক্কোত উৎসবের তৃতীয় দিনে ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে কয়েক শ ইসরায়েলি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। ইহুদিরা এ স্থানকে টেম্পল মাউন্ট নামে অভিহিত করে।
এর একদিন পর মঙ্গলবার বেন-গভির হেবরনের ইব্রাহিমি মসজিদেও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে প্রবেশ করেন বলে ঘটনাস্থল থেকে জানা গেছে।
আল-আকসা প্রাঙ্গণে বসতি স্থাপনকারীদের এমন কর্মকাণ্ডে বেন-গভিরের অংশগ্রহণ নতুন নয়। এর আগে বিভিন্ন সময়ও তাকে এ ধরনের ঘটনায় অংশ নিতে দেখা গেছে।
সোমবার আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের পর বেন-গভির বলেন, ‘আল-আকসা ও কারাগার—দুই জায়গারই মালিক আমরা।’ একই সঙ্গে ফিলিস্তিনি বন্দিদের জীবন জাহান্নামে পরিণত করার দাবি করেন তিনি।
সময়ের আলো/জেডি