মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ার পর নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া শেখ জীবন (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শেখ জীবন সিংগাইর পৌরসভার পুরকাপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি সিংগাইর বাজারের একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
নিহতের পরিবারের সদস্যদের দেওয়া তথ্য ও থানায় করা অপমৃত্যু মামলার সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে মিম (১৬) নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে হয় জীবনের। বিয়ের পর তারা পুরকাপাড়া এলাকায় একসঙ্গে বসবাস করছিলেন।
পরিবারের দাবি, ২৯ সেপ্টেম্বর দুপুরে মিমের পরিবারের সদস্যরা জীবনের বাড়িতে এসে তাকে সঙ্গে নিয়ে যান। স্ত্রীকে নিয়ে যাওয়ার পর জীবন ভেঙে পড়েন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে বাড়ির একটি কক্ষে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়।
জীবনের চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই হৃদয় বাদী হয়ে সিংগাইর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। পরিবারের দাবি, স্ত্রীকে নিয়ে যাওয়ার পরই জীবনের এমন পরিণতি ঘটে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই