মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চষিমুদ্দিন গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো- রাবেয়া আক্তার তানিশা (৮) ও রায়হান আহমেদ তুষার (৮)।
শিশুদের খালা কামরুন্নাহার জানান, তার বোন তানজিলার শ্বশুর বাড়ি ডেমরার ঠুলঠুলিয়া চেয়ারম্যান বাড়ি এলাকায়। শিশুদের বাবা শরিফুল ইসলাম সৌদিআরব প্রবাসী। গতকাল তার বোন ছেলে-মেয়েদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে। সঙ্গে বড় ছেলে তৌফিক আহমেদও ছিল।
তিনি আরও জানান, আজ দুপুরে যমজ ভাই-বোন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায়। একপর্যায়ে তারা পুকুরে পড়ে ডুবে যায়। স্থানীয় এক ব্যক্তি তাদের দেখে উদ্ধার করে এবং বাড়িতে খবর দেয়। তারপর দ্রুত তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সময়ের আলো/মহু