‘অসম্ভবকে সম্ভব’ করার আত্মবিশ্বাস বাংলাদেশের মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। উজবেকিস্তানের তাসখন্দে আগামী ৫ থেকে ১১ অক্টোবর অনুষ্ঠেয় এইচ

2026-10-01T22:00:14+00:00
2026-10-01T22:00:14+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
খেলা
‘অসম্ভবকে সম্ভব’ করার আত্মবিশ্বাস বাংলাদেশের মেয়েদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:০০ পিএম 
ছবি : সংগৃহীত
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। উজবেকিস্তানের তাসখন্দে আগামী ৫ থেকে ১১ অক্টোবর অনুষ্ঠেয় এইচ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান ও ফিলিপাইন। তিন দলের গ্রুপ হওয়ায় দুটি ম্যাচ খেলেই ভাগ্য নির্ধারণ হবে বাংলাদেশের। আগামী ৮ অক্টোবর উজবেকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১১ অক্টোবর শেষ ম্যাচে প্রতিপক্ষ ফিলিপাইন। মূল পর্বে ফেরার লক্ষ্য নিয়ে বাছাই পর্বে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।

২০১৭ ও ২০১৯ সালে টানা দুইবার অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল বাংলাদেশ। তবে ২০২৪ সালের সবশেষ আসরে মূল পর্বে জায়গা হয়নি। এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় দলটি। গতকাল বাফুফে ভবনে বাছাই পর্বের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেন প্রধান কোচ সাইফুল বারী টিটু। আজ উজবেকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ।

দলের প্রস্তুতি নিয়ে টিটু বলেন, জর্ডান থেকে ফেরার পর থেকেই নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে কাজ করছেন তারা। গ্রুপের দুই প্রতিপক্ষ র‍্যাংকিংয়ে এগিয়ে থাকলেও তাদের খেলার ধরন, প্রস্তুতি ও সাম্প্রতিক ম্যাচ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। ‘আমাদের টার্গেট হলো কোয়ালিফাই করা। কাজটা সহজ নয়, তবে আমার মনে হয় সম্ভব। আমরা একটা ম্যাচ করে এগোব। আমাদের সুবিধা হচ্ছে, প্রথম ম্যাচের আগে প্রতিপক্ষের খেলা দেখার সুযোগ পাব’, বলেন টিটু।

জর্ডানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার অভিজ্ঞতাও কাজে লাগাতে চান বাংলাদেশ কোচ। পাশাপাশি শারীরিক সক্ষমতায় কিছুটা পিছিয়ে থাকলেও নিজেদের লড়াকু মানসিকতাকে দলের শক্তি হিসেবে দেখছেন তিনি। আগেরবার মিয়ানমারে বাছাই পর্বে সাফল্যের উদাহরণ টেনে টিটু বলেন, প্রত্যাশার বাইরে গিয়েও বাংলাদেশ ভালো করতে পারে।

দলের অধিনায়ক মেঘলা রানী রায়ও আত্মবিশ্বাসী। জর্ডানে দুটি প্রস্তুতি ম্যাচ জিতে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, উজবেকিস্তান ও ফিলিপাইন ভালো দল হলেও তাদের বিপক্ষে লড়াই করে ভালো করার চেষ্টা করবেন তারা। ‘আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। বাকিটা সৃষ্টিকর্তার হাতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন’, বলেন মেঘলা।

সহ-অধিনায়ক আলপি আক্তারের কণ্ঠেও আত্মবিশ্বাস। প্রতিপক্ষের শক্তিকে চাপ হিসেবে না দেখে মাঠের পারফরম্যান্সেই জবাব দিতে চান তিনি। জর্ডানের ম্যাচগুলোতে করা ভুলগুলো নিয়ে কোচের সঙ্গে কাজ করেছেন বলেও জানান আলভী। ‘আমাদের কোয়ালিফাই করার আত্মবিশ্বাস আছে। ছয় মাস ধরে আমরা একসঙ্গে অনুশীলন করছি। আমরা যদি চাই, অসম্ভবকে সম্ভব করতে পারব। অসম্ভব বলতে কিছু নেই’, বলেন তিনি।


দলের প্রস্তুতি ও মেয়েদের পথচলার প্রতিকূলতার কথাও তুলে ধরেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তার ভাষায়, ২০০৮ সাল থেকে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে মেয়েদের ফুটবলকে এগিয়ে নিতে হয়েছে। এবারের দলে গত আসরের সাতজন খেলোয়াড়ের সঙ্গে নতুন মুখও রয়েছে। সিনিয়র দল থেকে আইরিনের অন্তর্ভুক্তি এবং নতুন মুখ সামিয়া আক্তারের ওপরও আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞতা কম হলেও দীর্ঘদিনের অনুশীলন ও লড়াকু মানসিকতা দিয়ে সেই ঘাটতি পূরণ করতে চান তারা।

তাসখন্দে তাই বাংলাদেশের সামনে সমীকরণ সহজ নয়। তবে কোচ-অধিনায়ক থেকে শুরু করে পুরো দলের বিশ্বাস, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে কঠিন প্রতিপক্ষের বিপক্ষেও আবারও চমক দেখানো সম্ভব।

বাংলাদেশ দল 

গোলরক্ষক : মেঘলা রানী রায়, জ্যোতি খাতুন, হুমায়রা আক্তার হিমি। রক্ষণভাগ : মৌসুমি আক্তার, মিম ইসলাম, সুরভী রানী, মিশু রানী, আমেনা খাতুন, তিথী রানী, আইরিন খাতুন, সামিয়া আক্তার, মুনিয়া আক্তার। মাঝমাঠ : উম্মে কুলসুম, আলমিনা, রিয়া, পাইনুমা মারমা। ফরোয়ার্ড : নুরজাহান আক্তার মনি, ফাতেমা আক্তার, পূর্ণিমা মারমা, তানজিলা আফরোজ হীরা, রুনা আক্তার, কুমারি পায়েল রানী, আলপি আক্তার।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   আত্মবিশ্বাস  বাংলাদেশ  অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: