তিন জেলায় পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত জানিয়েছেন দৈনিক সময়ের আলোর প্রতিনিধিরা
সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো সিংহলাল গ্রামের মুহাম্মদ ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল (৩) ও ছেলে সানজাদুল (২)।
এ বিষয়ে কলারোয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়সের ব্যবধান মাত্র এক বছর। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দুই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে কোনো এক সময় দুই শিশু পানিতে পড়ে যায়। পরে পানিতে তাদের ভাসতে দেখা যায়।
দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে বাড়ির পাশে খেলার সময় পাশের ডোবার পানিতে ডুবে মালিহা জান্নাত মেহেজাবিন (৩) ও তাহিয়া জান্নাত (৪) নামের প্রতিবেশী দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মালিহা জান্নাত মেহেজাবিন উত্তর কাটলা গ্রামের হুমায়ন কবিরের মেয়ে। তাহিয়া জান্নাত একই গ্রামের তারিকুল ইসলামের মেয়ে। নিহত দুই শিশুর বাবা পেশায় কৃষক।
এ বিষয়ে বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বাড়ির পাশে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই শিশু নিহতের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন বলেন, বিষয়টা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক।
গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর থেকে বিকাল পর্যন্ত পৃথক অভিযানে তুরাগ নদের রেলওয়ে ব্রিজের নিচ ও আশপাশের এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো— টঙ্গীর জামাইবাজার এলাকার আবু ইউনুস (১০) ও নিরব মিয়া (৯)।
টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/জোই