চট্টগ্রামের মিরসরাইয়ে একদিনে পৃথক দুটি স্থান থেকে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার করেরহাট ও জোরারগঞ্জ এলাকায় এসব অজগর উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্রায় ৭ ফুট এবং অপরটি প্রায় ৮ ফুট লম্বা।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অলিনগর শাহজাহান মাস্টারের বাড়ির আঙিনা থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়। খাবারের সন্ধানে লোকালয়ে এসে অজগরটি ধানক্ষেতের পাশে নেটের জালে আটকা পড়ে।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য সালাউদ্দিন মাহাদী ও নওশিন হোসেন নিরবকে জানান। তাঁরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
উদ্ধারকারী দলের সদস্য সালাউদ্দিন মাহাদী বলেন, খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করছি। পরে ধানক্ষেতের নেটের জালে আটকা পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিরাপদে অজগরটি উদ্ধার করি।
একই দিন মিরসরাইয়ের ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় মিয়াগ্রামের আজিজ মিয়ার বাড়ির আঙিনা থেকে প্রায় ৮ ফুট লম্বা আরেকটি অজগর উদ্ধার করা হয়। জোরারগঞ্জ বিট কর্মকর্তা হাসানুজ্জামানের নেতৃত্বে অজগরটি উদ্ধার করা হয়। এ সময় রহিম উদ্দিন, আলতাফ হোসেন ও সাফায়েত সহযোগিতা করেন।
জোরারগঞ্জ বিট কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, অজগরটি লোকালয়ে চলে আসায় স্থানীয়রা বিষয়টি আমাদের জানান। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে নিরাপদে সাপটি উদ্ধার করি। পরে উদ্ধার করা অজগরটি মহামায়া ইকো-পার্কে অবমুক্ত করা হয়।
সময়ের আলো/এনএন