পুলিশকে মারধর, সীতাকুণ্ডে যুবদল নেতা বহিষ্কার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কর্তব্যরত এক পুলিশ সদস্যের গায়ে হাত তোলা ও মারধরের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে

2026-10-02T19:43:27+00:00
2026-10-02T19:43:27+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
পুলিশকে মারধর, সীতাকুণ্ডে যুবদল নেতা বহিষ্কার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৭:৪৩ পিএম 
মো. ইসমাইল হোসেন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে কর্তব্যরত এক পুলিশ সদস্যের গায়ে হাত তোলা ও মারধরের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, ঘটনার পর পুলিশ তাকে আটক করলেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তদবির এবং মুচলেকা দেওয়ার পর চার ঘণ্টার মাথায় তাকে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানা চত্বর বা সংলগ্ন এলাকায় যান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেন। সেখানে গাড়িতে যাওয়া এবং গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে মডেল থানার কনস্টেবল ও ওসির গাড়ি চালক মো. শফিকের সঙ্গে ইসমাইলের কথা-কাটাকাটি শুরু হয়।

বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা ইসমাইল কনস্টেবল শফিকের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। অন-ডিউটি পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে ইসমাইলকে আটক করে থানা হেফাজতে নেয়।

ইসমাইল আটকের খবর ছড়িয়ে পড়লে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা সীতাকুণ্ড মডেল থানায় এসে ভিড় জমান। দীর্ঘ চার ঘণ্টা ধরে দেনদরবার ও আলোচনার পর পুলিশ নেতাকর্মীদের জিম্মায় তাকে ছেড়ে দেয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, পুলিশ সদস্যের গায়ে হাত তোলায় ইসমাইলকে আটক করা হয়েছিল। পরবর্তীতে দলের নেতাকর্মীরা এসে অনুনয়-বিনয় করেন। সে ভবিষ্যতে আর কখনো এ ধরনের উশৃঙ্খলা ও আইনবিরোধী কাজ করবে না মর্মে লিখিত মুচলেকা দিলে তাকে নেতাকর্মীদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।


এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর জানান, সামান্য কথা-কাটাকাটির জের ধরে ঘটনাটি বড় আকারে ছড়িয়ে পড়েছিল।

পুলিশ সদস্যকে মারধরের ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি যুবদলের কেন্দ্রীয় নীতি-নির্ধারকদের নজরে আসে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও উসকানিমূলক আচরণের দায়ে ইসমাইলের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয় কেন্দ্রীয় যুবদল।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপির যৌথ সিদ্ধান্তে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে থাকা) মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসমাইল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল স্তরের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   পুলিশ  মারধর  সীতাকুণ্ড  যুবদল  নেতা  বহিষ্কার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: