গত দুই এশিয়া কাপে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির উপস্থিতির কারণে চ্যাম্পিয়ন হয়েও দুটি ট্রফি ছুঁয়ে দেখা হয়নি ভারতের। অবশেষে ফাইনালে এবার থাকছেন না নাকভি, ফলে স্বস্তি ভারতের। এবার যে ট্রফি ছুঁয়ে দেখতে পারবে তারা।
ফাইনাল মানেই বাড়তি উত্তাপ। প্রতিপক্ষ যদি ভারত ও পাকিস্তান হয়, সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। আগামীকাল এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ফাইনাল ঘিরেও তাই বাড়তি উত্তেজনা।
তবে ফাইনালের পর সম্ভাব্য বিতর্কের একটি উপলক্ষ থাকছে না। কারণ, ম্যাচে উপস্থিত থাকবেন না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।
পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে ফাইনালে উপস্থিত থাকতে পারবেন না নাকভি। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিসি।
জাপানের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে আগামীকাল সকাল সাড়ে ১০টায় শুরু হবে ভারত–পাকিস্তান ফাইনাল। এর আগে সকাল ৬টায় ব্রোঞ্জের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
বৃষ্টিবিঘ্নিত ১৩ ওভারের সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।
সাম্প্রতিক সময়ে ভারত–পাকিস্তান ম্যাচে হাত মেলানো ও ট্রফি গ্রহণ নিয়ে বিতর্ক হয়েছে। ২০২৫ ও ২০২৬ এশিয়া কাপে ভারতের পুরুষ ও নারী দল নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি। এবার নাকভি ফাইনালে না থাকায় সেই পরিস্থিতির পুনরাবৃত্তিরও সুযোগ থাকছে না।
সময়ের আলো/জেডি