ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে আয়ারল্যান্ড ও অস্ট্রিয়ার মধ্যকার উয়েফা নেশনস লিগের ম্যাচ দুবার বন্ধ হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ডাবলিনের অ্যাভিভা স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
ম্যাচের ১৯ মিনিটে গ্যালারি থেকে ফিলিস্তিনি পতাকার স্টিকার লাগানো বেশ কয়েকটি টেনিস বল মাঠে ছুড়ে দেন দর্শকেরা। বলগুলোতে লেখা ছিল ‘স্টপ দ্য গেম’। পরিস্থিতির কারণে খেলোয়াড়েরা মাঠ ছাড়েন। নিরাপত্তাকর্মীরা বলগুলো সরিয়ে নেওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই খেলা শুরু হয়।
এর কিছুক্ষণ পর ৩৫ মিনিটে ফিলিস্তিনি পতাকা হাতে এক ব্যক্তি মাঠে ঢুকে পড়েন। নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে আটক করে বাইরে নিয়ে গেলে আবারও সাময়িকভাবে খেলা বন্ধ রাখা হয়।
ম্যাচ শেষে আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসন প্রতিবাদ প্রসঙ্গে বলেন, ‘আপনি কখনোই এ ধরনের প্রতিবাদে খুশি নই। তবে এটি বুঝতে পারি এবং সম্মান করি।’
ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে প্রায় ২০০ মানুষ ‘স্টপ দ্য গেম’ কর্মসূচিতে অংশ নেন। আয়োজকদের ভাষ্য, গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এই বিক্ষোভ।
এর আগে গত রবিবার হাঙ্গেরিতে ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচেও প্রতিবাদের ঘটনা ঘটে। সেদিন ৩-০ গোলে জয়ের ম্যাচে আইরিশ খেলোয়াড়েরা কালো বাহুবন্ধনী পরেন এবং ইসরায়েলের জাতীয় সংগীতের সময় মাথা নিচু করে থাকেন। ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়কের করমর্দনও হয়নি।
আগামী রবিবার (৪ অক্টোবর) আবারও ইসরায়েলের মুখোমুখি হবে আয়ারল্যান্ড।
সময়ের আলো/এমকে