প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৩২ এএম
হাতে মাত্র এক দিন, ইনিংস ব্যবধানে হার এড়াতেই এখন লড়তে হবে সফরকারীদের। ছবি : সংগৃহীতদক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ড্র করার ইতিহাস নেই বাংলাদেশের। সেই ইতিহাস বদলানোর সুযোগ এবারও কঠিন হয়ে উঠেছে। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে বড় বিপদের মুখে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১০০ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। হাতে মাত্র এক দিন, ইনিংস ব্যবধানে হার এড়াতেই এখন লড়তে হবে সফরকারীদের।
বুধবার চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০০ রান। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে এখনও ৫৭ রানে পিছিয়ে তারা। মুশফিকুর রহিম ৫ এবং প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দাস ১২ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া মুশফিকের ওপর তাই বড় দায়িত্ব। শেষ দিনে ব্যাটিং করে সময় পার করতে পারলেই কেবল ড্রয়ের সম্ভাবনা থাকবে বাংলাদেশের।
ওয়ান্ডারার্সের উইকেটও ব্যাটসম্যানদের জন্য সহজ থাকছে না। পেসাররা পাচ্ছেন বাড়তি বাউন্স, পাশাপাশি স্পিনারদের জন্যও তৈরি হয়েছে ঘূর্ণির সুযোগ। কাগিসো রাবাদার গতিতে সমস্যায় পড়েছেন মাহফিজুল ইসলাম রবিন ও তাওহীদ হৃদয়। রবিনকে শেষ পর্যন্ত ফিরিয়েছেন স্পিনার সাইমন হারমার। তার ঘূর্ণিতে বোল্ড হন এই ওপেনার। বাড়তি বাউন্সে হারমারের বলে সিøপে ক্যাচ দিয়ে ফেরেন শান্তও।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুটা ছিল আরও হতাশার। দক্ষিণ আফ্রিকার ৫৫৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১ রানে প্রথম উইকেট হারায় দল। মার্কো ইয়ানসেনের বলে উইকেটকিপার রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম। এর আগে রিভিউয়ে বেঁচে গিয়েছিলেন তিনি। তবে পরের ওভারেই তাকে ফিরিয়ে দেন ইয়ানসেন। এরপর রাবাদার বলে বোল্ড হন মুমিনুল হক। ১২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
দুইবার জীবন পাওয়া রবিন কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। শান্তর সঙ্গে তার জুটি থেকে আসে ৩১ রান। ৪২ বলে ১১ রান করে হারমারের বলে সিøপে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। এরপর হৃদয়ের সঙ্গে রবিনের জুটি দলকে ৫৮ রানে নিয়ে যায়। তবে বিরতির পর সেই জুটিও ভাঙে। হারমারের বলে ৩২ রান করে বোল্ড হন রবিন। এরপর রাবাদার বলে রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে ২৩ রানে ফেরেন হৃদয়। ৮৭ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ।
শেষ পর্যন্ত আরও ১৩ রান যোগ করার পর স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে খারাপ আলোর কারণে দিনের খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। তখনও নির্ধারিত সময়ের প্রায় ৮০ মিনিট বাকি ছিল।
এর আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৫৫৭ রান করে। মার্কাস অ্যাকারম্যানের ১৫৭, রিকেলটনের ১০২, জুবাইর হামজার ৮৩, টেম্বা বাভুমার ৬৮ ও রাবাদার ৭২ রানে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ চারটি এবং মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন।
দিনের সবচেয়ে বড় ব্যক্তিগত অর্জনটি অবশ্য লিটনের। রাবাদাকে স্টাম্পড করে এক ইনিংসে আটটি ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এর আগে সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচ উইকেটকিপারের। তাদের পেছনে ফেলে টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের মালিক এখন লিটন।
তবে ব্যক্তিগত সেই আনন্দের আড়ালে বাংলাদেশের সামনে এখন বড় প্রশ্ন— শেষ দিনে কতক্ষণ টিকে থাকতে পারবেন মুশফিক-লিটনরা?
সময়ের আলো/প্রিন্ট/এমকে