প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:২৯ এএম
রাগবিতে নিজেদের অবস্থান তৈরি করতে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছে বাংলাদেশ। ছবি : সংগৃহীতআন্তর্জাতিক রাগবিতে নিজেদের অবস্থান তৈরি করতে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছে বাংলাদেশ। ২১ ও ২২ নভেম্বর চীনের তাইপেতে অনুষ্ঠিত হবে ‘এশিয়ান রাগবি এমিরেটস সেভেনস ট্রফি’। চার জাতির এই প্রতিযোগিতায় স্বাগতিক চীনা তাইপে ছাড়াও অংশ নেবে বাংলাদেশ, ব্রুনেই ও আফগানিস্তান। টুর্নামেন্টে ভালো করার পাশাপাশি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ফেরাই বাংলাদেশের প্রধান লক্ষ্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণ ও দলের প্রস্তুতি নিয়ে গতকাল রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। এতে উপস্থিত ছিলেন— ফেডারেশনের সহ-সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জাতীয় দলের অধিনায়ক ওবায়দুর রহমান এবং টিম ম্যানেজার সাঈদ আহমেদ।
সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বলেন, ‘বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের বাইরে রয়েছে। র্যাঙ্কিংয়ে না থাকায় আমরা এবার এশিয়ান গেমসে অংশ নিতে পারিনি। তাই এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে পুরুষদের র্যাঙ্কিংয়ে প্রবেশ করাই আমাদের মূল লক্ষ্য।’
দীর্ঘ এক মাস নিবিড় অনুশীলনের পর ১২ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। দলের একজন প্রবাসী খেলোয়াড় ইংল্যান্ড থেকে সরাসরি তাইপেতে দলের সঙ্গে যোগ দেবেন। কোচ, ম্যানেজার ও ফিজিওসহ মোট ১৪ সদস্যের বহর ঢাকা থেকে চীনা তাইপের উদ্দেশে রওনা হবে। টুর্নামেন্টের শিরোপা জিততে পারলে বাংলাদেশের সামনে ‘এশিয়ান রাগবি এমিরেটস সিরিজে’ খেলার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন টিম ম্যানেজার সাঈদ আহমেদ। পাশাপাশি আগামী সাউথ এশিয়ান গেমসে ভালো ফল করার লক্ষ্যেও কাজ করছে দল। ভবিষ্যতে দলের মান উন্নয়নে বিদেশি কোচ আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রস্তুতি নিয়ে আশাবাদী অধিনায়ক ওবায়দুর রহমান। তার ভাষায়, ‘অনুশীলনে দলের সবাই ফিটনেস ও টেকনিক—দুই দিক থেকেই দারুণ অবস্থায় আছে। টুর্নামেন্টে ভালো ফল অর্জন করাই আমাদের সবার লক্ষ্য।’
সময়ের আলো/প্রিন্ট/এমকে