স্বর্ণজয়ী দিপু চাকমার নতুনযাত্রা

মামুন হোসেন

খেলা

তবে কি ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন দিপু চাকমা? খেলোয়াড়ি জীবন ছেড়ে পুরোদস্তুর কোচ বনে যাচ্ছেন। না এমন কোনো ঘটনা আপাতত

2026-11-16T06:23:10+00:00
2026-11-16T06:23:10+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
খেলা
স্বর্ণজয়ী দিপু চাকমার নতুনযাত্রা
মামুন হোসেন
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:২৩ এএম 
ছবি : সংগৃহীত
তবে কি ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন দিপু চাকমা? খেলোয়াড়ি জীবন ছেড়ে পুরোদস্তুর কোচ বনে যাচ্ছেন। না এমন কোনো ঘটনা আপাতত তায়কোয়ান্দোকা দিপুর জীবনে ঘটছে না। খেলোয়াড়ি জীবনেও যতি টানছেন না। কোচিংয়ের প্রাথমিক ধাপ কোচেস ট্রেনিং ও রিফ্রেশার কোর্সটাই শুধু সম্পন্ন করেছেন ২০১৯ কাঠমান্ডু এসএ গেমসের এই স্বর্ণজয়ী।

গত ১২-১৪ নভেম্বর বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় কোচদের রিফ্রেশার কোর্স। সেখানে অংশ নিয়ে কোচিংয়ের প্রাথমিক ধাপ শেষ করেন দিপু।

তায়কোয়ান্দোতে দিপুর দীর্ঘ ক্যারিয়ার। ২০০১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার মধ্য দিয়ে খেলোয়াড়ি জীবনের শুরু। তবে তায়কোয়ান্দোর জাতীয় দলে জার্নিটা ২০১০ সালে শুরু। ওই বছর ঘরের মাঠে অনুষ্ঠিত এসএ গেমসের প্রাথমিক দলে ছিলেন। যদিও ইনজুরির কারণে এরপর ক্যারিয়ারে দীর্ঘ ছেদ পড়ে। ২০১৩ সালে বাংলাদেশ গেমস দিয়ে পুনরায় প্রিয় প্রাঙ্গণ তায়কোয়ান্দোতে ফেরেন রাঙামাটির ছেলে দিপু। ২০১৬ সালে আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার মধ্য দিয়ে জাতীয় দলে পথচলা, সেখান থেকে পরে ২০১৯ সালে এসএ গেমসে পদক জিতে নিজের জাত চেনান।

সবাইকে এক দিন থামতে হয়, শুনতে হয় শেষের ডাক। দিপুও হয়তো সেই ডাকের অনেক কাছে নিজেকে নিয়ে এসেছেন। কোচিং কোর্স করা প্রসঙ্গে সময়ের আলোকে দিপু জানান, ‘অনেক দিন হলো তায়কোয়ান্দো খেলছি, বয়সও বাড়ছে। এক দিন তো থামতেই হবে। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিলেও খেলা তো একেবারে ছেড়ে দিতে পারব না। কোনো খেলোয়াড়ই তা পারেন না। 

এই অঙ্গনে থাকতেই কোচিং কোর্সটা করা, ভবিষ্যতে কোচ হিসেবে কাজ করার অভিপ্রায় থেকে। নিজে অনেক কাঠখড় পুড়িয়ে, প্রত্যন্ত অঞ্চল থেকে ইটকাঠের শহরে এসেছি। জাতীয় দল থেকে নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে গেছি। দেশের জন্য পদক জিতেছি। তায়কোয়ান্দো থেকে আমার প্রাপ্তজ্ঞান ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ফিরিয়ে দেওয়ার জায়গাই হচ্ছে কোচিং, সেই কাজটাও করে রাখছি।’

তায়কোয়ান্দোর রিফ্রেশার কোর্স সম্পর্কে দিপু বলেন, ‘তায়কোয়ান্দোতে আমাদের প্রান্তিক পর্যায়ে বিশেষ করে কিছু জেলা, উপজেলাগুলোতে যে গুণগত মান, বেসিক সম্পর্কে ধারণা, দেশের তায়কোয়ান্দোর সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা খুবই অল্প। সেই কারণে এই কোচেস কোর্সটি একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ, যা আমাদের পরবর্তী ধাপে উন্নতি করতে সাহায্য করবে। বিদেশ থেকে অভিজ্ঞ মাস্টার প্রশিক্ষক তখনই নিয়ে আসা সমীচীন হবে, যখন সেই উন্নত প্রশিক্ষণ নেওয়ার মতো ক্ষমতা আমাদের মধ্যে তৈরি করতে পারব। নয়তো শুধু সময় এবং অর্থ অপচয় করে একটি সার্টিফিকেট অর্জন করা যাবে কিন্তু অভিজ্ঞ বিদেশি মাস্টারের বিলানো জ্ঞান আমাদের মাথার অনেক ওপর দিয়ে চলে যাবে তাতে কোনো সন্দেহ নেই।’

দিপুর সাফ জবাব, তায়কোয়ান্দোতে বিদেশি মাস্টার (কোচ) আনার চেয়ে দেশি কোচদের দক্ষতা, কারিগরি জ্ঞান আরও বৃদ্ধি করা উচিত। আর এই কাজটিই বর্তমান অ্যাডহক কমিটি বেশ ভালোভাবেই করছে। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা এবং তার কমিটি দায়িত্ব গ্রহণের পর গত ৪ মাসে দুবার কোচেস ট্রেনিং অ্যান্ড রিফ্রেশার কোর্সের আয়োজন করেছেন। যেখানে সারা দেশ থেকে হাজারো তায়কোয়ান্দোকারা কোচ হিসেবে ট্রেনিংয়ের সুযোগ পেয়েছেন। এ ছাড়া বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর ফেডারেশন কাপসহ আর বেশ কিছু টুর্নামেন্টের আয়োজন করেছে।


মাহমুদুল ইসলাম রানার কমিটি এবং কোচেস ট্রেনিং কোর্স সম্পর্কে দিপু চাকমা সময়ের আলোকে জানান, আমি কিন্তু রানা স্যারের হাত ধরেই তায়কোয়ান্দো এসেছি। স্যার এই খেলার প্রাণ পুরুষ। ২০২৪ সালে যখন নতুন অ্যাডহক কমিটি গঠিত হয়, তাদের বেশ কিছু কার্যক্রম খেলাটিকে পেছনে নিয়ে যায়। 

এ ব্যাপারে আর কিছু বলব না। তবে এতটুকু বলতে পারি রানা স্যার এবং তার কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে তায়কোয়ান্দো যেভাবে মাঠে রয়েছে, সারা দেশে খেলাটি আরও দ্রুত ছড়াচ্ছে, সবার মাঝে আগ্রহ জন্মাচ্ছে— এটাই প্রমাণ করে দেশের তায়কোয়ান্দো সঠিক ট্র্যাকে আছে। এ কারণে সরকারের নেকনজরের এই খেলাটি রয়েছে। আমি একজন তায়কোয়ান্দোকা হিসেবে খেলাটির দীর্ঘ উন্নতির প্রত্যাশা করছি।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   স্বর্ণজয়ী  দিপু চাকমা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: