ছবি : সংগৃহীত শুরুটা ছিল রীতিমতো দুঃস্বপ্নের। স্কোরবোর্ডে ২২ রান উঠতেই নেই ৩ উইকেট। এরপর ১২১ রানে ৫ উইকেট হারিয়ে আবারও বিপর্যয়ে বাংলাদেশ। একপ্রান্তে তখন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার আগুনঝরা বোলিং। সেখান থেকে দলকে টেনে তুললেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। দুজনের ব্যাটে গড়ে উঠল ২০৬ রানের প্রতিরোধ।
জোহানেসবার্গে প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। হৃদয় ফিরেছেন ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে, লিটন অপরাজিত ৯২ রানে।
ওয়ান্ডারার্সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু শুরুতেই তার সিদ্ধান্তকে কঠিন পরীক্ষায় ফেলেন রাবাদা। ইনিংসের প্রথম বলেই অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনকে গালিতে মার্কো ইয়ানসেনের ক্যাচ বানান তিনি। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে গোল্ডেন ডাক পাওয়া বাংলাদেশের প্রথম ওপেনার হলেন মাহফিজুল।
প্রথম বলে আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যানও তিনি। এর আগে এই তালিকায় ছিলেন নাজমুল হোসেন, আব্দুর রাজ্জাক ও নাজমুল ইসলাম।
এরপর নিজের প্রথম ওভারেই মুমিনুল হককে ফিরিয়ে দেন রাবাদা। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটকিপার রায়ান রিকেলটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। পরে শান্তর সঙ্গে তানজিদ হাসানের ছোট জুটি গড়ে উঠলেও নবম ওভারে আবারও আঘাত হানেন রাবাদা। ভেতরে ঢোকা দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। ২২ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে তানজিদ ও হৃদয় শুরু করেন ঘুরে দাঁড়ানোর লড়াই। দুজনের ৫০ রানের জুটি পূর্ণ হয় ৭৪ বলে। প্রথম সেশনের শেষ ওভারে সাইমন হারমারের বলে সুইপ করে চার মেরে ৭৯ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন তানজিদ।
তবে মধ্যাহ্ন বিরতির পর আবারও ভয়ংকর হয়ে ওঠেন রাবাদা। ভালো লেংথের বলে তানজিদকে বোল্ড করে ভাঙেন হৃদয়ের সঙ্গে তার ৯৯ রানের জুটি। পরের বলেই মুশফিকুর রহিমকে ফেরান তিনি। ড্রাইভ করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় বল লাগান মুশফিক। তৃতীয় সিøপে ক্যাচটি ধরেন সাইমন হারমার। এর মধ্য দিয়ে টেস্টে নিজের ১৮তম পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন রাবাদা। বাংলাদেশের বিপক্ষে এটি তার পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট।
১২১ রানে ৫ উইকেট হারানোর পর ক্রিজে এক হন হৃদয় ও লিটন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। দুজনই ধৈর্য ধরে বলের গুণাগুণ বুঝে খেলেছেন। আগের ব্যাটসম্যানদের মতো তাড়াহুড়ো করে শট খেলেননি। পুরোনো বলের সুবিধাও কাজে লাগিয়েছেন। হারমারের এক ওভারে ১৯ রান তুলে দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর চাপ বাড়ান দুজনে।
ষষ্ঠ উইকেটে হৃদয়-লিটনের ২০৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ। ২০২৪ সালে মিরপুরে জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের ১৩৮ রানের জুটিকে ছাড়িয়ে গেছে এটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২২ সালে ডারবানে মাহমুদুল হাসান জয়ের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে সেঞ্চুরি করেছেন হৃদয়।
চলতি সময়ে দারুণ ছন্দে থাকা হৃদয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে অপরাজিত ২৪২ ও ৮২ রানের ইনিংস খেলেছিলেন। জোহানেসবার্গেও সেই ধারাবাহিকতা ধরে রাখেন তিনি। শেষ সেশনে ডেন প্যাটারসনের বলে ডিপ থার্ড দিয়ে চার মেরে শতক পূর্ণ করেন হৃদয়। শেষ পর্যন্ত ২২৭ বলে ১৩৭ রান করে আউট হন তিনি। মার্কো ইয়ানসেনের দিনের শেষ বলটি পায়ে লেগে এলবিডব্লিউ হলে থামে তার দুর্দান্ত ইনিংস।
অন্যপ্রান্তে অবিচল ছিলেন লিটন। দিনের শেষ পর্যন্ত ৯২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। দক্ষিণ আফ্রিকা নতুন বল হাতে নেওয়ার পরও এই জুটি ভাঙতে পারেনি। তবে দিনের শেষ বলে হৃদয়কে ফিরিয়ে কিছুটা স্বস্তি পেয়েছে স্বাগতিকরা।
রাবাদার নতুন বলের তোপে একসময় যে ইনিংস দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল, দিন শেষে সেই বাংলাদেশই ৩২৭ রানের শক্ত অবস্থানে। হৃদয়-লিটনের ব্যাটে বিপর্যয় সামলে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে সফরকারীরা।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে