প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৩১ পিএম
ছবি : সংগৃহীত১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের বোলিং তোপে মাত্র ১২ রানের মধ্যে দুই উইকেট হারিয়েছে দল।
দলীয় ১১ রানে প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে দেন ইয়ানসেন। তার বলে রায়ান রিকেলটনের গ্লাভসে ক্যাচ দেন তানজিদ। এর আগের ওভারের শেষ বলে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আঙুল তুললেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে নয়, প্যাডে লেগে রিকেলটনের হাতে যায়। তবে ইয়ানসেনের পরের ওভারের প্রথম বলেই ৪ রান করে সাজঘরে ফেরেন তানজিদ।
এরপর ক্রিজে আসা মুমিনুল হকও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র তিন বল খেলে রাবাদার বলে বোল্ড হন তিনি। ১১ ও ১২ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ।
আগের ইনিংসে ম্যাচের প্রথম বলেই ডাক মেরে ফেরা মাহফিজুল ইসলাম রবিন অবশ্য দুবার জীবন পেয়েছেন। প্রথম স্লিপে উইয়ান মুল্ডারের হাত ফসকে একবার বেঁচে যান তিনি। পরে রিভিউ নিয়েও রক্ষা পান। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম রানটি করেন রাবাদাকে চার মেরে।
এর আগে ৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তখনো বাংলাদেশের চেয়ে ২৪ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। দলের পরিস্থিতি বিবেচনায় সংবাদ সম্মেলনে রায়ান রিকেলটন বলেছিলেন, ১০০ রানের লিড পেলেই তারা স্বস্তি পাবেন। শেষ পর্যন্ত সেই লক্ষ্য ছাড়িয়ে গেছে প্রোটিয়ারা।
শতাধিক রানের একটি এবং চল্লিশোর্ধ্ব রানের দুটি জুটিতে ৫৫৭ রান করে থামে দক্ষিণ আফ্রিকা। এতে বাংলাদেশের বিপক্ষে তাদের লিড দাঁড়ায় ১৫৭ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন হাসান মাহমুদ। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ পান দুটি করে উইকেট।
এর আগে তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল বাংলাদেশ।
সময়ের আলো/এসএকে