প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:৫১ এএম
ছবি : সংগৃহীত একদিকে প্রথম শিরোপার স্বপ্ন, অন্যদিকে দশমবারের মতো শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই। সাফের ফাইনালে মুখোমুখি হয়ে শুরু থেকেই কেউ কাউকে একচুল ছাড় দিতে রাজি ছিল না। প্রথমার্ধের যোগ করা সময়ে আলমগীর গাজীর দুর্দান্ত গোলে এগিয়ে গিয়ে শিরোপার স্বপ্ন দেখছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয়ার্ধে একটি লাল কার্ড বদলে দেয় ম্যাচের চিত্র। একজন কম নিয়েও লড়াই চালিয়ে যাওয়া পাকিস্তানের শেষ রক্ষা হয়নি। শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়ে আবারও দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করেছে ভারত। পাকিস্তানের স্বপ্ন ভেঙে দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে ব্লু টাইগার্সরা।
গতকাল জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে ভারত। ম্যাচের প্রথমার্ধে আলমগীর গাজীর গোলে এগিয়ে যায় পাকিস্তান। দ্বিতীয়ার্ধে জুনায়েদ শাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৬১ মিনিটে সুহেল আহমেদ ভাটের গোলে সমতায় ফেরে ভারত। এরপর ম্যাচের ৮৮ মিনিটে সানদ্বীপ মান্দির হেডে পাওয়া গোলে নিশ্চিত হয় ভারতের শিরোপা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে দুই দলের লড়াই। রেকর্ড দশম শিরোপার লক্ষ্যে মাঠে নামা ভারত প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। পাকিস্তানের ব্যাকপাস থেকে বল প্রায় কেড়ে নিয়েছিলেন সুহেল ভাট। তবে দ্রুত এগিয়ে এসে বল ক্লিয়ার করে বিপদমুক্ত করেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ ভাট। তৃৃতীয় মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে সুহেলের নেওয়া শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়।
এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় পাকিস্তান। বিশেষ করে দুই উইং ব্যবহার করে ভারতীয় রক্ষণে একের পর এক আক্রমণ শানায় তারা। ১৭তম মিনিটে ভারতীয় গোলরক্ষক আর্স শেখ বক্সের বাইরে এসে হেডে বল ক্লিয়ার করলে ফাঁকা পোস্ট লক্ষ্য করে ব্লক করেছিলেন মোহাম্মদ আলী খান। তবে এক ভারতীয় ডিফেন্ডারের গায়ে লেগে বলটি কর্নার হয়ে যায়।
পরের মিনিটেই ডান প্রান্ত থেকে আসা ক্রসে ম্যাকিল আবদুল্লাহর অ্যাক্রোবেটিক ফ্লিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আর্স। ২২তম মিনিটেও গোল হজমের শঙ্কায় পড়ে ভারত। গোললাইন থেকে এক ডিফেন্ডারের ক্লিয়ারেন্স এবং গোলরক্ষকের দুর্দান্ত সেভে সে যাত্রায় রক্ষা পায় তারা।
মনে হচ্ছিল গোলশূন্য সমতায়ই বিরতিতে যাবে দুই দল। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটেই বদলে যায় স্কোরলাইন। জুনাইদ শাহর নিচু পাস ভারতীয় ডিফেন্ডার খাইমিনথাং লুংদিমের পায়ে লেগে দিক পরিবর্তন করলে বল পেয়ে যান আলমগীর গাজী। প্রথম স্পর্শেই বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান এই ফরোয়ার্ড। গোলরক্ষক আর্স শেখের কিছুই করার ছিল না। ভারতের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও গোল করেছিলেন আলমগীর। ফাইনালেও তার গোলেই এগিয়ে যায় পাকিস্তান।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে যায়। ৬০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পাকিস্তানের জুনায়েদ শাহ। একজন কমে যাওয়ার পরপরই সেই সুযোগ কাজে লাগায় ভারত। ৬১ মিনিটে সুহাইল আহমেদ ভাটের গোলে সমতায় ফেরে তারা। এরপর একজন বেশি খেলোয়াড় নিয়ে পাকিস্তানের ওপর চাপ বাড়াতে থাকে ভারত। রক্ষণ সামলে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করছিল পাকিস্তান। কিন্তু ভারতের ধারাবাহিক আক্রমণে ক্রমেই চাপে পড়ে দলটি।
ম্যাচের শেষ দিকে যখন মনে হচ্ছিল শিরোপার ফয়সালা হতে পারে অতিরিক্ত সময়ে, তখনই ভারতকে এগিয়ে দেন সানদ্বীপ মান্দি। ৮৮ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন তিনি। তাতেই উল্লাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার চেষ্টা করেছিল পাকিস্তান। যোগ করা সময়ে গোলরক্ষকও আক্রমণে উঠে এসেছিলেন। সেই সুযোগে ব্যবধান বাড়ানোর সম্ভাবনা তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি ভারত। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।
এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে নিজেদের দশম শিরোপা ঘরে তুলল ভারত। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপার খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হলো পাকিস্তানকে। দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারতের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠিত হলো, আর পাকিস্তানের জন্য প্রথম শিরোপার অপেক্ষা থেকে গেল।
সময়ের আলো/প্রিন্ট/জেডি