প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:০৯ পিএম
আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ছবি : সংগৃহীতজাপানের কাছে হারের পর জয়ে ফিরতে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল ৪টায় সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দুই দলের জাতীয় ফুটবল দলের ইতিহাসে এটিই প্রথম মুখোমুখি লড়াই।
২০২৬ সালের আন্তর্জাতিক সূচিতে এটিই ব্রাজিলের শেষ ম্যাচ। ফলে জয় নিয়ে বছর শেষ করার পাশাপাশি নতুন খেলোয়াড়দের পরখ করে নেওয়ার সুযোগও পাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে এক ম্যাচের নিষেধাজ্ঞায় আজ ডাগআউটে থাকতে পারবেন না তিনি। তার পরিবর্তে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ ফ্রান্সেসকো মাউরি। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না রাফিনিয়াও। ব্রাজিলকে নেতৃত্ব দেবেন ব্রুনো গিমারেস।
মোবাইলে দেখবেন যেভাবে
বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ম্যাচটি দেখার সুযোগ রয়েছে।
ব্রাজিলে ম্যাচটি দেখা যাবে টিভি গ্লোবো, স্পোরটিভি ও জি টিভিতে। অনলাইনে সম্প্রচার করবে গ্লোবোপ্লে। অন্যদিকে, সিঙ্গাপুরে ম্যাচটি দেখা যাবে মিওয়াচ প্ল্যাটফর্মে। তবে এসব মাধ্যমে বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে কি না, তা সম্প্রচার স্বত্ব ও অঞ্চলভিত্তিক বিধিনিষেধের ওপর নির্ভর করবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের লাইভ সম্প্রচার খুঁজে পাওয়া গেলেও অননুমোদিত লিংক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। অপরিচিত ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়া বা অ্যাপ ডাউনলোড করা থেকেও সতর্ক থাকতে হবে।
ভিডিও সম্প্রচার দেখতে না পারলে মোবাইলে ফটমব, সোফাস্কোর ও ইএসপিএন অ্যাপের মাধ্যমে সরাসরি স্কোর, ম্যাচের পরিসংখ্যান ও ধারাভাষ্য অনুসরণ করতে পারবেন দর্শকরা।
সময়ের আলো/এমকে