প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:০২ পিএম আপডেট: ১৬.১১.২০২৬ ১০:০২ পিএম
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের প্রতিনিধি দল ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। মূল সিরিজ খেলতে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে জো রুট-হ্যারি ব্রুক-জাফরা আর্চারদের। সেই প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে ইসিবির তিন সদস্যের প্রতিনিধি দল। মাঠের পাশাপাশি স্টেডিয়ামের ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ অন্যান্য অবকাঠামো ঘুরে দেখে মুগ্ধতা প্রকাশ করেছে তারা।
প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। এ ছাড়া এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসানও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ইসিবির প্রতিনিধি দল সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বললেও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধার প্রশংসা করে সৈয়দ আব্দুল বাতেন বলেন, ‘২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে। তাদের অনুশীলন সেশন ও প্রস্তুতি ম্যাচের জন্য আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের এই মাঠটি দেখিয়েছি। তারা ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ সবকিছু ঘুরে দেখেছেন। বসুন্ধরার সুযোগ-সুবিধা অসাধারণ। তারা দেখে খুব খুশি হয়েছেন, বলা যায় অভিভূত।’ আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধার ব্যাপ্তি তুলে ধরে বাতেন আরও বলেন, ‘এ ধরনের সুযোগ-সুবিধা খুব বেশি জায়গায় পাওয়া যায় না।’
মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সম্প্রচার, মিডিয়া, মেডিকেল, দর্শকদের সুযোগ-সুবিধা এবং সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা— সবকিছুই তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। তারা বেশ সন্তুষ্ট।’ ইংল্যান্ডের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়ায় আশাবাদী ইমরুল হাসানও। এবিজি স্পোর্টস সিটির এই পরিচালক বলেন, ‘প্রতিনিধি দল এখানকার ড্রেসিংরুমসহ অন্যান্য সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেছে। ফিরে গিয়ে তারা হয়তো নিজেদের বোর্ডকে বিস্তারিত জানিয়ে একটি প্রতিবেদন তৈরি করবে। তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, এখানকার সুযোগ-সুবিধা নিয়ে তারা উচ্ছ্বসিত। আমরা আশাবাদী, নির্দিষ্ট সময়ে ইংল্যান্ড দল এখানে প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই।’
এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও বাংলাদেশ সফরে এসে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। এবার ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সুযোগ-সুবিধার সক্ষমতা তুলে ধরার আরেকটি উপলক্ষ পাবে এবিজি স্পোর্টস সিটি।
সময়ের আলো/প্রিন্ট/এসকে