দ্বিতীয় সেশন প্রোটিয়াদের, উইকেটশূন্য বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

লিটন দাস ও তাওহীদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০০ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট

2026-11-16T20:23:06+00:00
2026-11-16T20:23:06+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
খেলা
দ্বিতীয় সেশন প্রোটিয়াদের, উইকেটশূন্য বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম 
দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তুলেছেন মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজা । ছবি : সংগৃহীত
লিটন দাস ও তাওহীদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০০ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারালেও ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তুলেছেন মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজা। দুজনের অবিচ্ছিন্ন শতরানের জুটিতে চা বিরতি পর্যন্ত ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে স্বাগতিকরা।

জোহানেসবার্গে চা বিরতি পর্যন্ত ২৮ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১২৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনও ২৭১ রানে পিছিয়ে রয়েছে তারা। হাতে আছে ৯ উইকেট।

প্রথম সেশনের শেষ দিকে মাত্র ৫ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েই উইকেটের দেখা পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এইডেন মার্করামকে ফিরিয়ে দেন হাসান। অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করা বলটি মার্করামের ব্যাটের কানায় লেগে যায় লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন মার্করাম। তাতে ৫ রানেই ভাঙে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি।

দ্বিতীয় সেশনের শুরুতে আরও কয়েকটি সুযোগ তৈরি করেন বাংলাদেশের পেসাররা। তবে সেগুলো কাজে লাগানো যায়নি। ইনিংসের পঞ্চম ওভারে জুবায়ের হামজাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন বোলার। জোরালো আবেদনের পরও আম্পায়ার নো বলের সংকেত দেওয়ায় বেঁচে যান তিনি। পরে রিপ্লেতে দেখা যায়, বলটি লেগ স্টাম্পে আঘাত হানত।

এরপর ধীরে ধীরে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে রান তুলতে থাকেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। দ্বিতীয় উইকেটে অ্যাকারম্যান ও হামজা অবিচ্ছিন্ন জুটিতে যোগ করেছেন ১২৪ রান। বাংলাদেশের বোলারদের আর কোনো সাফল্য পেতে দেননি তারা।


এ দিকে, ইনিংসের ১৬তম ওভারে ফিরতি বলে ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পান হাসান। হাত ফসকে বল তার কপালে আঘাত করলে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। পরে মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওভার শেষ করেন এই পেসার। কিছুক্ষণ পর মাঠ ছাড়লেও কয়েক ওভার পর আবার বোলিংয়ে ফেরেন।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১০১ ওভার ২ বলে ৪০০ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন তাওহীদ হৃদয়। আর লিটন দাসের ব্যাট থেকে আসে ১২০ রান।

লিটন ও হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে বাংলাদেশ। পাশাপাশি গত ১৭ বছরে প্রথম সফরকারী দল হিসেবে জোহানেসবার্গে এক ইনিংসে ৪০০ রান করার কীর্তিও গড়েছে টাইগাররা।

সময়ের আলো/এসকে
  বিষয়:   দ্বিতীয়  সেশন  প্রোটিয়াদের  উইকেটশূন্য  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: