রাবাদার মঞ্চে বিবর্ণ টপ-অর্ডার

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ব্যাটারদের অনেক সময়ই দেখা যায়, পা বাড়িয়ে বলের কাছাকাছি গিয়ে ব্যাট চালাতে। উপমহাদেশের উইকেটে এমন কৌশলে সাফল্যও

2026-11-16T06:40:25+00:00
2026-11-16T06:40:25+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
খেলা
রাবাদার মঞ্চে বিবর্ণ টপ-অর্ডার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৪০ এএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ব্যাটারদের অনেক সময়ই দেখা যায়, পা বাড়িয়ে বলের কাছাকাছি গিয়ে ব্যাট চালাতে। উপমহাদেশের উইকেটে এমন কৌশলে সাফল্যও মেলে। কিন্তু দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক কন্ডিশনে সেই একই কৌশল কতটা বিপজ্জনক, তা টেস্ট অভিষেকের প্রথম বলেই টের পেলেন মাহফিজুল ইসলাম রবিন। 

কাগিসো রাবাদার দুর্দান্ত এক ডেলিভারিতে সাজঘরে ফিরতে হলো মাহফিজুলকে। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কঠিন পরীক্ষায় নামার আগেই প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন উঠল। তবে মাহফিজুলের আউটের চেয়েও বড় প্রশ্ন, অভিষেক টেস্টে কেন প্রথম বলেই স্ট্রাইক নিতে হলো তাকে?

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই নতুন বল হাতে নিজের সামর্থ্যরে জানান দেন রাবাদা। অভিষিক্ত মাহফিজুল অফ স্টাম্পের বাইরে লাইন ও লেংথে ফেলা বলটি খেলতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লাগান। গালিতে দাঁড়িয়ে থাকা মার্কো ইয়ানসেনের হাতে জমা হয় ক্যাচ। গোল্ডেন ডাক নিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু হয় মাহফিজুলের।

প্রথম বলেই উইকেট হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই আবার আঘাত হানেন রাবাদা। নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন মুমিনুল হককে। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার রায়ান রিকেলটনের হাতে ক্যাচ তুলে দেন বাঁহাতি এই ব্যাটার। এরপর নবম ওভারে রাবাদার শিকার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভেতরে ঢোকা দারুণ এক ডেলিভারিতে শান্তর অফ স্টাম্প উপড়ে দেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

শুরুর ধাক্কা সামলে বাংলাদেশের ইনিংস কিছুটা গুছিয়ে নেন তানজিদ হাসান ও পরের ব্যাটাররা। একপ্রান্ত আগলে রেখে ফিফটিও তুলে নেন তানজিদ। চতুর্থ উইকেটে তার সঙ্গে জুটি গড়ে তোলেন সতীর্থরা। তবে ৯৯ রানের সেই জুটি ভাঙতে আবারও ফিরে আসেন রাবাদা। ৬৭ রান করা তানজিদকে বোল্ড করে দেন তিনি।

পরের বলেই আবার উইকেট। এবার রাবাদার সামনে মুশফিকুর রহিম। সামনের পায়ে ভর দিয়ে খেলতে গিয়ে ব্যাটের বাইরের কানায় বল লাগান মুশফিক। তৃতীয় সিøপে ক্যাচটি তালুবন্দি করেন সাইমন হারমার। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বড় ধাক্কা দেন রাবাদা।


এই পাঁচ উইকেটের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে নিজের ১৮তম পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার এই পেসার। আরও উল্লেখযোগ্য বিষয়, ওই সময় পর্যন্ত বাংলাদেশের যে পাঁচটি উইকেট পড়েছে, সবকটিই নিয়েছেন রাবাদা। নতুন বলে শুরু থেকে চাপ তৈরি করে বাংলাদেশের টপ-অর্ডার ধসিয়ে দিয়েছেন তিনি। মাঝের সময়টায় তানজিদের ব্যাটে ইনিংস কিছুটা এগোলেও রাবাদার দ্বিতীয় স্পেলেই ভেঙে পড়ে সেই প্রতিরোধ।

প্রথম বলেই উইকেট নেওয়ার রেকর্ডেও নাম লিখিয়েছেন রাবাদা। টেস্টের প্রথম বলেই উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার তিনি। এর আগে ১৯০৭ সালে দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যালবার্ট ভোগলার, ২০০১ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যালান ডোনাল্ড এবং ২০১০ সালে জোহানেসবার্গে ইংল্যান্ডের বিপক্ষে ডেল স্টেইন এই কীর্তি গড়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলো রাবাদার নাম। আর তার শিকার বাংলাদেশের অভিষিক্ত ব্যাটার মাহফিজুল।

তবে মাহফিজুলের আউটকে শুধু একজন ব্যাটারের ভুল হিসেবে দেখলে পুরো ছবিটা ধরা পড়বে না। টেস্ট অভিষেকের মুহূর্তটি যেকোনো তরুণ ক্রিকেটারের জন্যই বড় পরীক্ষা। নতুন পরিবেশ, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ, প্রতিপক্ষের বিশ্বমানের বোলার— সব মিলিয়ে প্রথম বলের আগে একজন অভিষিক্ত ব্যাটারের মনে নানা ভাবনা ঘুরপাক খাওয়াই স্বাভাবিক। তার ওপর দক্ষিণ আফ্রিকার মতো পেস সহায়ক কন্ডিশনে রাবাদার মুখোমুখি হওয়া আরও কঠিন।

অবশ্য ওপেনার হিসেবে মাঠে নামলে প্রথম বলেই স্ট্রাইক পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। সেই প্রস্তুতি একজন ব্যাটারের থাকা জরুরি। কিন্তু মাহফিজুলের মতো অনভিজ্ঞ একজন ক্রিকেটারকে আন্তর্জাতিক টেস্টে নামানোর আগে তার প্রস্তুতি কতটা হয়েছে, সেটিও আলোচনায় আসা উচিত। 

‘এ’ দল কিংবা হাই পারফরম্যান্স দলের হয়ে পর্যাপ্ত ম্যাচ খেলার ঘাটতি থাকা একজন ক্রিকেটারকে এমন ম্যাচে নামানো নিয়ে অনেকের মনে প্রশ্ন। দলের বাস্তবতায় তাকে প্রয়োজন হতে পারে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের এমন কঠিন পরীক্ষায় নামানোর আগে যথেষ্ট প্রস্তুতির সুযোগ দেওয়া উচিত ছিল বলে মন্তব্য বোদ্ধাদের।

অভিষিক্ত মাহফিজুলকে কেন প্রথম বলেই স্ট্রাইক নিতে হলো? টেস্ট ক্রিকেটে ওপেনারের দায়িত্ব যেমন চ্যালেঞ্জিং, তেমনি অভিষেকের চাপও আলাদা। অভিজ্ঞতার ঘাটতি থাকলে সেই চাপ সামলানো আরও কঠিন। প্রথম বলেই রাবাদার মতো বোলারের সামনে পড়ে মাহফিজুল হয়তো বুঝে গেলেন, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে টেস্ট ক্রিকেট কতটা কঠিন।

তবে রেকর্ড বইয়ে এসব ব্যাখ্যা কিংবা প্রশ্নের জায়গা নেই। সেখানে লেখা থাকবে, টেস্ট অভিষেকে প্রথম বলেই আউট হয়েছেন মাহফিজুল ইসলাম। বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকে গোল্ডেন ডাক পাওয়া ব্যাটারদের তালিকায় যুক্ত হয়েছে তার নাম। আর জোহানেসবার্গে প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন কাগিসো রাবাদা।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   রাবাদার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: