আবাহনী-মোহামেডানের প্রীতি ম্যাচে খেলবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া ডেস্ক

খেলা

একসময় দেশের ফুটবলের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আবাহনী-মোহামেডান দ্বৈরথ। মাঠে দুই দলের লড়াই মানেই উত্তেজনা, আর মাঠের বাইরে সমর্থকদের উন্মাদনা।

2026-11-16T19:31:05+00:00
2026-11-16T19:31:05+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
খেলা
আবাহনী-মোহামেডানের প্রীতি ম্যাচে খেলবেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম 
আবাহনী-মোহামেডানের প্রীতি ম্যাচে খেলবেন ক্রীড়া প্রতিমন্ত্রী । ছবি : সংগৃহীত
একসময় দেশের ফুটবলের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আবাহনী-মোহামেডান দ্বৈরথ। মাঠে দুই দলের লড়াই মানেই উত্তেজনা, আর মাঠের বাইরে সমর্থকদের উন্মাদনা। সেই চিরপ্রতিদ্বন্দ্বিতার ইতিহাস পেছনে ফেলে এবার এক ভিন্ন উদ্যোগে এক হচ্ছে দুই ক্লাবের সাবেক ফুটবলাররা। ভাঙচুর ও অগ্নিসংযোগের পর অনেকটা নিষ্প্রাণ হয়ে পড়া আবাহনী ক্লাব প্রাঙ্গণে আবারও প্রাণচাঞ্চল্য ফেরাতে মোহামেডানের সাবেক খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা হচ্ছে একটি প্রীতি ফুটবল ম্যাচ।

আগামী ১৯ নভেম্বর বিকেল ৩টায় আবাহনী ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে দুই দলের সাবেক ফুটবলারদের এই ম্যাচ। আয়োজকদের প্রত্যাশা, খেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর সাবেক খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক ও ক্রীড়া সংগঠকদের মিলনমেলায় পরিণত হবে ক্লাব প্রাঙ্গণ।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ঐতিহ্যবাহী আবাহনী ক্লাব। এরপর থেকে খেলাধুলার কার্যক্রম চললেও ক্লাবের আগের সেই আড্ডা, পরিচিত মুখের আনাগোনা ও প্রাণচাঞ্চল্য অনেকটাই কমে গেছে। সেই পরিস্থিতি বদলাতেই সাবেক ফুটবলারদের এই উদ্যোগ।

মোহামেডানের সাবেক স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ক্লাবটি অনেকটা নীরব হয়ে আছে। একটি ম্যাচ আয়োজন করা হলে এর সূত্র ধরে ক্লাবের অনেক কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থক আসবেন বলে আশা করছেন তারা।

আবাহনীর সাবেক ফুটবলার কাজী নজরুল ইসলামও চান, ম্যাচটি শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ না থেকে বড় ধরনের পুনর্মিলনীতে রূপ নিক। তিনি বলেন, এই ম্যাচ ঘিরে ক্লাবে একটি মিলনমেলা আয়োজন করতে চান তারা। আবাহনীর সাবেক ফুটবলারদের পাশাপাশি অন্য খেলার সাবেক খেলোয়াড়দেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। সবার অংশগ্রহণে ক্লাবে আবারও জমজমাট পরিবেশ ফিরে আসবে বলে আশা তার।


সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপের প্রচারণার অংশ হিসেবেও সাবেক ফুটবলারদের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন দল ও ২০১০ সালের এসএ গেমস চ্যাম্পিয়ন ফুটবল দলের মধ্যে ওই ম্যাচে খেলেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

ঘরোয়া ফুটবলে আবাহনী ও মোহামেডান—দুই দলের হয়েই খেলেছেন সাবেক এই গোলরক্ষক। ১৯ নভেম্বরের ম্যাচেও তাকে দেখা যাবে। এবারও দুই অর্ধে দুই দলের হয়ে মাঠে নামবেন তিনি।

একসময় যারা প্রতিপক্ষ হিসেবে একে অপরের বিরুদ্ধে লড়েছেন, এবার তারাই একসঙ্গে মাঠে নামছেন সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে। সাবেক ফুটবলারদের এই উদ্যোগের মধ্য দিয়ে আবাহনী-মোহামেডানের পুরোনো সম্পর্কের উষ্ণতা ফিরে আসার পাশাপাশি আবাহনী ক্লাবেও আগের প্রাণচাঞ্চল্য ফিরবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সময়ের আলো/এসকে
  বিষয়:   আবাহনী  মোহামেডান  প্রীতি ম্যাচ  খেলবেন  ক্রীড়া প্রতিমন্ত্রী  মো. আমিনুল হক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: