প্রথম ইনিংসে চার শ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে ৪০০ রানে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। আগের বলে চার মেরে দলকে চার শ রানের মাইলফলকে পৌঁছে দিয়েছিলেন তাসকিন আহমেদ। পরের বলে মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
প্রথম দিন শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। একপর্যায়ে ২২ রানে ৩ উইকেট হারায় দল। সেখান থেকে তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়ের জুটি ঘুরে দাঁড়ানোর পথ দেখায়। পরে ১২১ রানে ৫ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।
এরপর হৃদয় ও লিটন দাসের ২০৬ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দুজনই তুলে নেন সেঞ্চুরি। প্রথম দিন সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থেকে মাঠ ছেড়েছিলেন লিটন। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই মার্কো ইয়ানসেনকে পুল করে চার মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর অষ্টম সেঞ্চুরি।
সেঞ্চুরির পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরেন লিটন। এরপর পকেট থেকে একটি কাগজ বের করেন। সেখানে মেয়ের উদ্দেশে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’ আজ লিটনের মেয়ে আনায়রার তৃতীয় জন্মদিন।
লিটন ৩৭৪ রানে দলের অষ্টম উইকেট পতনের পরও ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে মুল্ডারের শর্ট বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ দলকে চার শ রানে পৌঁছে দেন। শেষ পর্যন্ত ৪০০ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস।
সময়ের আলো/কেএইচও