প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ এএম
আইসিসির চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জয় শাহ। ছবি : সংগৃহীত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জয় শাহ। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে পুনর্নির্বাচিত ঘোষণা করা হয়।
আইসিসি জানিয়েছে, জয় শাহের নেতৃত্বের প্রতি বোর্ডের আস্থার প্রতিফলন এই সিদ্ধান্ত। ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখাই এর লক্ষ্য। বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার, দর্শক-সমর্থক বাড়ানো এবং খেলাটির বাণিজ্যিক উন্নয়নে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে সংস্থাটি।
পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি সম্মানিত। প্রত্যেক পরিচালকের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন একই সঙ্গে বিশেষ সুযোগ ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি বলেন, ‘আমরা ক্রিকেটের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর অধ্যায়ে প্রবেশ করছি। লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন আমাদের খেলাকে নতুন দর্শকদের কাছে পরিচিত করার এবং খেলোয়াড় ও সমর্থকদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার দারুণ সুযোগ।’
তিনি আরও বলেন, ‘সফল ইভেন্ট আয়োজনের বাইরেও আমাদের দায়িত্বের পরিধি অনেক বিস্তৃত। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনের কথা বিবেচনায় রেখে ক্রিকেটের জন্য আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’
জয় শাহ বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করেছি, ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি হলো মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসার ক্ষমতা। বোর্ড ও সদস্যদের সমর্থনে আমাদের লক্ষ্য থাকবে আকাঙ্ক্ষাগুলো বাস্তবে রূপ দেওয়া এবং নিশ্চিত করা, আমাদের অর্জিত অগ্রগতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে যাবে।’
সময়ের আলো/কেএইচও