
আর্জেন্টিনার যুব ফুটবলে খেলতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন ১৮ বছর বয়সী ফুটবলার আবেল নুনেজ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) একটি ম্যাচে হেড করে বল ক্লিয়ার করতে গিয়ে আঘাত পান এজেইজা ফুটবল ক্লাবের এই খেলোয়াড়। পরে হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হলেও তাকে বাঁচানো যায়নি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) যুব ‘সি’ টুর্নামেন্টের পঞ্চম ডিভিশনের ম্যাচে এ ঘটনা ঘটে। ১০ নম্বর জার্সি পরে খেলছিলেন নুনেজ। একপর্যায়ে হেড করে বল বিপদমুক্ত করার সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। এরপরই জ্ঞান হারিয়ে মাঠে পড়ে যান।
মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে দ্রুত স্থানীয় একটি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। নুনেজের আঘাতের পর ম্যাচটি স্থগিত করা হয়। একই দিনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ষষ্ঠ ডিভিশনের ম্যাচটিও বাতিল করা হয়।
হাসপাতালে নেওয়ার পর মাথার গুরুতর জখমের কারণে তার জরুরি অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত মারা যান এই তরুণ ফুটবলার।
নুনেজের মৃত্যুতে শোক জানিয়েছে তার শৈশবের ক্লাব এজেইজা ফুটবল ক্লাবসহ আর্জেন্টিনার ফুটবল অঙ্গন। এর আগে গোলকিপারের সঙ্গে সংঘর্ষের পর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান স্প্যানিশ স্ট্রাইকার হেসুস ডি মিগুয়েল। সেই ঘটনার শোক কাটতে না কাটতেই আরেক তরুণ ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল অঙ্গনে।
সময়ের আলো/টিকে