স্টেডিয়ামেই কর্মচারীদের ঘরবাড়ি

আদিল সরকার

খেলা

কমলাপুরের ফুটবল স্টেডিয়াম, যেখানে প্রায়ই বসে দেশি-বিদেশি ফুটবল টুর্নামেন্টের আসর। আর সেই স্টেডিয়ামের বর্তমান দৃশ্য স্বাভাবিক কোনো ব্যস্ত মার্কেটের মতো।

2026-11-18T00:51:09+00:00
2026-11-18T00:51:09+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
খেলা
স্টেডিয়ামেই কর্মচারীদের ঘরবাড়ি
আদিল সরকার
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫১ এএম 
কমলাপুর ফুটবল স্টেডিয়াম হয়ে উঠেছে কর্মচারীদের বসতবাড়ি। ছবি : সময়ের আলো
কমলাপুরের ফুটবল স্টেডিয়াম, যেখানে প্রায়ই বসে দেশি-বিদেশি ফুটবল টুর্নামেন্টের আসর। আর সেই স্টেডিয়ামের বর্তমান দৃশ্য স্বাভাবিক কোনো ব্যস্ত মার্কেটের মতো। স্টেডিয়ামটির তৃতীয় তলাজুড়ে ঘর বানিয়ে বাস করছেন ক্রীড়া পরিষদের কর্মচারীরা। এটি যেন হয়ে উঠেছে কর্মচারীদের বসতবাড়ি! এ বসতবাড়িতে যারা বাস করেন তারা নিজেদের মতো করে টিন দিয়ে তৈরি করে নিয়েছেন থাকার ঘর থেকে শুরু করে গোসলখানা, শৌচাগার ও রান্নাঘর। শুধু মৌখিক অনুমোদনেই প্রায় দেড় যুগ ধরে সেখানে বসবাস করে আসছেন তারা। সেখানে সংযোগ দেওয়া বিদ্যুৎও চলছে সরকারি নামেই। 

গত শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সরেজমিন দেখা যায়, স্টেডিয়ামটির নিচ তলায় রিকশা গ্যারেজসহ নানা দোকানপাটে চলছে ব্যস্ত কর্মযজ্ঞ। আর দ্বিতীয় তলায় রয়েছে সেসব দোকান মালিকদের গোডাউন ও অল্প কয়েকটি দোকান। তবে তৃতীয় তলায় নিজেদের মতো করে দেয়ালের সামনে টিন দিয়ে বসতঘর করে বসবাস করেন বেশ কিছু মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, তারা সবাই জাতীয় ক্রীড়া পরিষদের কর্মচারী। ওই তলায় মোট ১৩ জন কর্মচারী থাকেন বলে জানা গেছে। তাদের মধ্যে একপাশজুড়ে ৯টি পরিবার ও অন্য পাশে থাকেন আরও চারটি পরিবার। অন্যদিকে বসতঘর ছাড়াও সেখানে টিন দিয়ে তৈরি করা হয়েছে রান্নাঘর, গোসলখানা ও শৌচাগার। ওই তলায় ঘুরে বোঝার উপায় নেই এটি দেশের কোনো স্টেডিয়াম না বস্তি!

খোঁজ নিয়ে জানা যায়, ওই স্টেডিয়ামের দোতলায় রয়েছে দোকান মালিক সমিতি। স্টেডিয়ামজুড়ে থাকা সব দোকানের ভাড়া আদায় ও সরকারি বিল পরিশোধে কাজ করে ওই সমিতি। তবে বসতঘর করে থাকা কর্মচারীদের কাছ থেকে কোনো ভাড়া বা টাকা নেওয়া হয় না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিন ওই বসত এরিয়ায় গেলে কথা হয় বিল্লাল হোসেন নামে এক ক্রীড়া কর্মচারীর সঙ্গে। তিনি এখানে প্রথম বসত স্থাপন করেন বলেও জানান। তার সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৩ সালে তিনি এখানে থাকার জন্য প্রথম ঘর তৈরি করেন। এখানেই কেটে গেছে তার প্রায় দুই যুগ। একে একে সন্তানদের বড় করে এখান থেকে তাদের বিয়েও দিয়েছেন। ওই ফ্লোরে তার পাঁচটি রুম রয়েছে। এ ছাড়া অন্য কর্মচারীদেরও দুই থেকে তিনটি করে রুম রয়েছে বলে জানা গেছে। তবে সেখানকার বিদ্যুৎ ও পানির বিলের বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, কোনো বিলই আমাদের দিতে হয় না।

অন্যদিকে এখানে কর্মচারী ছাড়া অন্যদেরও ভাড়া দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘না, এখানে অন্য কাউকে ভাড়া দেওয়া হয় না। নিজেরাই পরিবার নিয়ে থাকেন।’ তবে সেখানে থাকা এক নারীকে বাসা ভাড়া নেওয়ার কথা জানিয়ে কীভাবে নেওয়া যায় তা জিগ্যেস করলে তিনি বলেন, এখানে তো কাউকে পাবেন না কথা বলার। ভাড়া নিতে হলে নিচে সমিতির সঙ্গে কথা বলতে হবে।

অন্যদিকে দীর্ঘ সময় ধরে সেখানে কর্মচারীরা থাকলেও আগামী বছরের শুরুতে সেসব বসতি ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। কর্মচারী বিল্লাল হোসেন বলেন, আমাদের ডিসেম্বরে এখান থেকে নেমে যেতে বলা হয়েছে। এখানের জায়গাগুলো ক্রীড়া ফেডারেশনকে বরাদ্দ দেওয়া হয়েছে। তারা এখানে অফিস খুলবেন বলে জেনেছি। এ ছাড়া দুই সপ্তাহ আগে ওই বসতিগুলোর সামনের দেয়ালে কর্তৃপক্ষ অফিসকক্ষের নম্বর যথাক্রমে লিখে রেখে গেছেন বলেও জানান তিনি।

তবে স্টেডিয়ামের পাশে কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য একটি কোয়ার্টার করে দেওয়া হবে বলে জানান তিনি। এর আগ পর্যন্ত বাসা ভাড়া করে পরিবার নিয়ে থাকবেন বলে জানালেন। স্টেডিয়ামের নিচ তলায় থাকা দোকানপাটের ভাড়া পুরোপুরি সরকারের কাছে যায় না এবং সমিতি সরকারকে নির্দিষ্ট হারে টাকা জমা দিলেও বাস্তবে সেসব দোকান ও গোডাউন ভাড়ার বড় একটি অঙ্ক টাকা সরকারের ঘরে পৌঁছায় না বলে জানা গেছে।

অন্যদিকে গত ৯ আগস্ট কমলাপুরের ওই স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্টেডিয়ামের পরিবেশ ও অব্যবস্থাপনা দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে স্টেডিয়াম গ্যালারির অটোরিকশার দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশ দেন এবং দায়িত্বে অবহেলার অভিযোগে কমলাপুর স্টেডিয়ামের প্রশাসককে সাময়িক বরখাস্ত করেন।

ওইদিন তিনি সাংবাদিকদের জানান, আগামীকালই (পরিদর্শনের পরদিন) জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একটি প্রতিনিধি দল স্টেডিয়ামে যাবে এবং দোকান ছেড়ে দেওয়ার জন্য একটি সময় বেঁধে দেবে। তিনি বলেন, স্টেডিয়ামে এসে আমি হতাশ হয়েছি। একটা ক্রীড়া স্থাপনার পরিবেশ কখনো এমন হতে পারে না। ব্যবস্থাপনায় পর্যাপ্ত জনবল না থাকার কারণে এই অবস্থা হয়েছে। খেলোয়াড়দের জন্য স্টেডিয়াম অথচ ড্রেসিংরুমের পরিবেশ যাচ্ছেতাই। ওয়াশরুমও তাই। প্রেসবক্সের অবস্থাও যাচ্ছেতাই। সিঁড়ির নিচে অনেক ময়লা পড়ে আছে, যেটি মানা যায় না। পাশাপাশি এই স্টেডিয়ামে দোকান ভাড়া বা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু সেখানে ক্রীড়াবিষয়ক কিছু নেই। এখানে অটোরিকশার ব্যবসা চলছে। 

এ ছাড়া বিদ্যুৎ অপচয়ের বিষয়টি উল্লেখ করে তখন প্রতিমন্ত্রী বলেন, এই অটোরিকশার কারণে বিদ্যুতের অনেক ব্যয় হচ্ছে। সরকার যেখানে বিদ্যুতের ব্যাপারে খুবই সজাগ। কীভাবে সঠিক ব্যবহার করা যায় সেটি ভাবছে, কিন্তু এখানে এসে দেখছি প্রচুর পরিমাণ বিদ্যুৎ ব্যয় হচ্ছে। আমরা ঘরবাড়িতে লোডশেডিংয়ে ভুগছি, অথচ তারা এখানে বিদ্যুতের অপচয় করছে। এসব রোধ করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি কমলাপুর স্টেডিয়াম এলাকায় যত দোকান আছে, সেগুলোর চুক্তি বাতিল করব। এ ছাড়া স্টেডিয়ামে মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে অটোরিকশার দোকানগুলো উচ্ছেদ করে সেখানে ক্লাবসহ ক্রীড়া সংশ্লিষ্ট কাজে বরাদ্দ দেওয়ার কথা জানান মন্ত্রী।

অন্যদিকে মন্ত্রীর নির্দেশনার কয়েক মাসে পার হয়ে গেলেও তেমন কোনো পরিবর্তন হয়নি সেখানকার চিত্র। এ ছাড়া নতুন বছরে (২০২৭) স্টেডিয়ামে থাকা এসব দোকান বরাদ্দ বাতিল করা হবে কি না জানতে চাইলে সেখানে থাকা দোকান মালিক সমিতির ম্যানেজার পলাশ সময়ের আলোকে বলেন, মন্ত্রীকে কেউ হয়তো মিসগাইড করেছিল তখন তাই উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন। পরে ঊর্ধ্বতনরা কথা বলেছেন। বর্তমানে আর বরাদ্দ বাতিলের চিন্তা নেই। এখান থেকে মাসে সরকার ভাড়া বাবদ ৬ থেকে ৭ লাখ টাকা পায়, এটি তো সরকারের জন্য আয়।


তবে স্টেডিয়ামে বসতি স্থাপনের বিষয়ে কোনো নিয়ম বা চুক্তি আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, তাদের মৌখিকভাবে থাকতে বলা হয়েছিল। তাই সেভাবেই তারা আছেন। এই বিষয়ে লিখিতভাবে তাদের কোনো অনুমতি দেওয়া হয়নি। তবে সামনের জানুয়ারি থেকে সেখানে ক্রীড়া ফেডারেশনকে বরাদ্দ দেওয়া হয়েছে। তারা সেখানে অফিস করবেন। তাই কর্মচারীদের নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তারা চলে যাবেন।

স্টেডিয়ামে কর্মচারীরা মৌখিক নির্দেশে এভাবে বছরের পর বছর বসতি গেড়ে থাকতে পারে কি না জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহিদ পারভেজ চৌধুরীও। তিনি সময়ের আলোকে বলেন, ‘এই বিষয়ে তো ভেবেচিন্তে উত্তর দিতে হবে।’ পরে তিনি ব্যস্ত জানিয়ে ফোনকল কেটে দেন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   স্টেডিয়াম  কর্মচারী  ঘরবাড়ি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: