প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম
বাংলাদেশের বিপক্ষে ১৫৭ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি : সংগৃহীতদ্বিতীয় ইনিংসে রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার দুর্দান্ত জুটিতে বাংলাদেশের বিপক্ষে বড় লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করা প্রোটিয়ারা শেষ পর্যন্ত ১৫৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে।
৫৬ রানে অপরাজিত রিকেলটন ও ৫ রানে রাবাদা চতুর্থ দিনের খেলা শুরু করেন। রিকেলটন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। নবম উইকেটে দুজন মিলে গড়েন ১১৭ রানের দুর্দান্ত জুটি। রাবাদাও ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ বাড়ান।
অথচ ৩৮ রানেই আউট হতে পারতেন রাবাদা। তাসকিন আহমেদের বলে তার ক্যাচ নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। জীবন পেয়ে আরও ভয়ংকর হয়ে ওঠেন এই পেসার।
রিকেলটন প্যাভিলিয়নে ফেরার পর আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া টেম্বা বাভুমা আবার ব্যাটিংয়ে নামেন। এক রান যোগ করেই তিনি ফিফটির দেখা পান। অন্যদিকে, মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় শিকারে পরিণত হন রাবাদা। আউট হওয়ার আগে মিরাজের টানা দুই বলে দুটি ছক্কা হাঁকান তিনি। ৯৩ বলে ১০টি চার ও দুটি ছক্কায় ৭২ রান করেন রাবাদা।
শেষ উইকেটে ডেন প্যাটারসন ও বাভুমা যোগ করেন আরও ৪৫ রান। ১১ রানে থাকা প্যাটারসনের লেগ স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। তবে সেটি নো বল হওয়ায় পঞ্চম উইকেটের দেখা পাননি তিনি। জীবন পেয়ে পরের দুই ওভারে একটি ছক্কা ও একটি চার মারেন প্যাটারসন। শেষ পর্যন্ত দলীয় ৫৫৭ রানে ভাঙে এই জুটি। ২৯ রানে আউট হন প্যাটারসন। ৬৮ রানে অপরাজিত থাকেন বাভুমা।
সময়ের আলো/এসএকে