লিটনের গ্লাভসে বিশ্বরেকর্ড

মেহেদী হাসান

খেলা

ব্যাট হাতে সেঞ্চুরি, গ্লাভস হাতে বিশ্বজয়! জোহানেসবার্গ টেস্টে যেন একাই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে নিচ্ছেন লিটন কুমার দাস। প্রথম

2026-11-19T02:33:44+00:00
2026-11-19T02:33:44+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
খেলা
লিটনের গ্লাভসে বিশ্বরেকর্ড
মেহেদী হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:৩৩ এএম 
ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে নিচ্ছেন লিটন কুমার দাস। ছবি : সংগৃহীত
ব্যাট হাতে সেঞ্চুরি, গ্লাভস হাতে বিশ্বজয়! জোহানেসবার্গ টেস্টে যেন একাই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে নিচ্ছেন লিটন কুমার দাস। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির পর উইকেটের পেছনে দাঁড়িয়ে গড়েছেন দেড়শ বছরের টেস্ট ইতিহাসের বিরলতম এক কীর্তি। মেহেদী হাসান মিরাজের বলে কাগিসো রাবাদাকে স্টাম্পড করতেই এক ইনিংসে আটটি ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার। টেস্ট ক্রিকেটে এর আগে কোনো উইকেটকিপার এক ইনিংসে এতবেশি ডিসমিসাল করতে পারেননি।

ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ইনিংসের। মিরাজের বলে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে নিজের ক্যারিয়ারসেরা স্কোরে পৌঁছে গিয়েছিলেন রাবাদা। তৃতীয় ছক্কার লোভ সামলাতে পারেননি প্রোটিয়া পেসার। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বল উড়িয়ে মারতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটে-বলে সংযোগ হলো না। বল গ্লাভসে জমা করে মুহূর্তের মধ্যে বেলস ফেলে দেন লিটন। রাবাদার স্টাম্পিংয়ের সঙ্গে সঙ্গেই ইতিহাসের অংশ হয়ে যায় বাংলাদেশের এই কিপারের নাম।

টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচজনের দখলে। পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলে জ্যাকবস ও জশুয়া দ্য সিলভা— প্রত্যেকেই এক ইনিংসে সাতটি করে ডিসমিসাল করেছিলেন। তাদের সবার কীর্তিই ছিল সাতটি ক্যাচের মাধ্যমে।

সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছেন লিটন। আটটি ডিসমিসালের মধ্যে তার ছয়টি ক্যাচ এবং দুটি স্টাম্পিং। অর্থাৎ আগের রেকর্ডধারীদের ছাড়িয়ে যেতে ক্যাচের পাশাপাশি স্টাম্পিংয়েও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তিন দিন ধরে গড়ে উঠেছে লিটনের এই বিশ্বরেকর্ড। ম্যাচের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার প্রথম চার উইকেটের মধ্যে তিনটি ক্যাচ ধরেন তিনি। একে একে তার গ্লাভসে জমা হন এইডেন মার্করাম, জুবাইর হামজা ও ম্যাথু ব্রিটস্কি। বৃষ্টির কারণে তৃতীয় দিনে খেলা হয় মাত্র ২৮ ওভার। ওইদিন আরও তিনটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ দ্বিতীয় নতুন বল নেওয়ার পর ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মারের ক্যাচ নেন ৩২ বছর বয়সি এই উইকেটকিপার। তাতেই এক ইনিংসে ছয়টি ডিসমিসাল হয়ে যায় তার।


বুধবার ম্যাচের চতুর্থ দিনে নতুন রেকর্ডের অপেক্ষায় ছিলেন লিটন। দিনের ২৪তম ওভারে মিরাজের বলে ১০২ রান করা রায়ান রিকেলটনকে স্টাম্পড করেন তিনি। পরের ওভারেই একই পরিণতি হয় রাবাদার। মিরাজের বলে দ্বিতীয় স্টাম্পিংটি সম্পন্ন করতেই আট ডিসমিসাল নিয়ে এককভাবে টেস্ট ইতিহাসের শীর্ষে উঠে যান লিটন।

শুধু উইকেটের পেছনের কীর্তিতেই এই টেস্টকে স্মরণীয় করে রাখছেন না লিটন। ব্যাট হাতেও নিজের দায়িত্ব দারুণভাবে পালন করেছেন। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বিশেষ কিছু করার প্রত্যাশা ছিল তার। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে সেই প্রত্যাশার শুরুটা করেছেন দুর্দান্তভাবে। এবার কিপিংয়েও বিশ্বরেকর্ড গড়ে নিজের পারফরম্যান্সকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

একই টেস্টে সেঞ্চুরি এবং এক ইনিংসে আটটি ডিসমিসাল— দুই কীর্তি একসঙ্গে গড়া প্রথম উইকেটকিপারও লিটন। টেস্ট ইতিহাসে একই ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি ছয়টির বেশি ডিসমিসাল করতে পারেননি আর কোনো ক্রিকেটার। এর আগে এক টেস্টে সেঞ্চুরি ও ছয়টি ডিসমিসালের কীর্তি ছিল শুধু দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে ও এবি ডি ভিলিয়ার্সের। লিটনের সামনে সুযোগ ছিল প্রথম শ্রেণির ক্রিকেটের রেকর্ডেও ভাগ বসানোর। আর একটি ডিসমিসাল করতে পারলেই এক ইনিংসে সর্বোচ্চ নয়টি ডিসমিসালের রেকর্ড স্পর্শ করতেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এই রেকর্ড পাকিস্তানের তাহির রাশিদ ও জিম্বাবুয়ের ওয়েই জেমসের। ১৯৯২ সালে পাকিস্তানের বিসিসিপি প্যাট্রনস ট্রফিতে হাবিব ব্যাংকের হয়ে খেলতে নেমে আটটি ক্যাচ ও একটি স্টাম্পিং করেছিলেন তাহির রাশিদ। অন্যদিকে ১৯৯৬ সালে মাতাবেলেল্যান্ডের হয়ে খেলতে নেমে সাতটি ক্যাচ ও দুটি স্টাম্পিং করেছিলেন ওয়েই জেমস।

ব্যাট হাতে সেঞ্চুরি, গ্লাভস হাতে আটটি ডিসমিসাল— জোহানেসবার্গে লিটনের এই পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকল।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   লিটন  গ্লাভস  বিশ্বরেকর্ড 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: