প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ এএম
ক্যামেরন ব্যানক্রফট। ছবি : সংগৃহীত২০১৭-১৮ অ্যাশেজে অস্ট্রেলিয়া দলে বলের সেলাই ঘষে রিভার্স সুইংয়ের উপযোগী করার চর্চা ছিল বলে অভিযোগ করেছেন ক্যামেরন ব্যানক্রফট। তার দাবি, দলের হয়ে অভিষেকের পর থেকেই এমন কাজে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনায় স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি দলের অনেকেই জানতেন বলেও দাবি করেছেন এই অস্ট্রেলীয় ব্যাটার।
তখন ২৫ বছর বয়সি ব্যানক্রফটের কাছে জাতীয় দলে জায়গা ধরে রাখাই ছিল বড় চ্যালেঞ্জ। তাই দলের প্রচলিত রীতির অংশ হিসেবেই বলের সেলাই ঘষার কাজটি মেনে নিয়েছিলেন। এ নিয়ে ব্যানক্রফট বলেন, ‘এটি ছিল দলের নির্দেশিত একটি কাজ। অস্ট্রেলিয়া দলে নতুন খেলোয়াড় হিসেবে যোগ দিয়ে আমি এটিকে আমাদের আদেশ হিসেবেই মেনে নিয়েছিলাম। এসব অভ্যাস এতটাই স্বাভাবিক হয়ে উঠেছিল যে, সেগুলো নিয়ে খুব একটা ভাবতামও না।’
দক্ষিণ আফ্রিকা সফরের ডারবান টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করা হয়নি বলে দাবি করেছেন ব্যানক্রফট। ওই ম্যাচে ১১৮ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। তবে পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে পরিস্থিতি বদলে যায়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৪৩ রানের জবাবে দ্বিতীয় দিন চা-বিরতির সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫২ রান। এমন পরিস্থিতিতে ড্রেসিংরুমে বল রিভার্স সুইং করানোর উপায় নিয়ে আলোচনা শুরু হয়। ব্যানক্রফটের ভাষ্য, সেই আলোচনায় ছিলেন বোলিং কোচ ডেভিড সাকার ও প্রধান কোচ ড্যারেন লেম্যান। একপর্যায়ে ডেভিড ওয়ার্নার বলের এক পাশ নিখুঁত করতে স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দেন।
ব্যানক্রফটের দাবি, অধিনায়ক স্টিভ স্মিথ ওই আলোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তবে অস্বস্তি বোধ করলেও শেষ পর্যন্ত স্যান্ডপেপার ব্যবহারের দায়িত্ব নিতে রাজি হন ব্যানক্রফট। তার ভাষায়, ‘আমি জানতাম, কাজটি ভুল। স্যান্ডপেপার ব্যবহার করা ক্রিকেটের নিয়মের সঙ্গে প্রতারণা।’ বল ঘষার সময় নিয়মিতভাবে পেসারদের সঙ্গে পরামর্শ করতেন বলে জানিয়েছেন ব্যানক্রফট। উইকেটকিপার টিম পেইনের সঙ্গেও কথা বলতেন তিনি। তবে পেসাররা স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানতেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি এই ব্যাটার।
ব্যানক্রফটের দাবি, বলের এক পাশ ঘষে নিখুঁত করার জন্য তিনি দলের কাছ থেকে উৎসাহও পেয়েছিলেন। এ বিষয়ে একমাত্র আপত্তি জানিয়েছিলেন দলের মিডিয়া ম্যানেজার কেট হাচিনসন। কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন তিনি। সেই টেস্টের তৃতীয় দিনে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ার পর রিজার্ভ ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব স্যান্ডপেপারটি তার কাছ থেকে নিয়ে নেন বলে দাবি ব্যানক্রফটের। তার অভিযোগ, কোচ লেম্যান ওয়াকিটকিতে হ্যান্ডসকম্বকে সেটি সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছিলেন। আমার মতে, পিটার যদি বিষয়টি না জানতেন, তা হলে এমন কথা বলতেন না। আবারও বলছি, আমরা সবাই জানতাম।’ ব্যানক্রফটের এসব অভিযোগের বিষয়ে বুধবার বিবিসিকে লেম্যান বলেছেন, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখতে তার সময় প্রয়োজন। আগামী কয়েক দিন তিনি বিষয়গুলো পর্যালোচনা করবেন বলেও জানিয়েছেন সাবেক এই কোচ।
ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) ব্যানক্রফটের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ক্যামেরন ব্যানক্রফট নিজের বক্তব্য তুলে ধরেছেন, আমরা সেটিকে সম্মান জানাই। তার মন্তব্যগুলো বিবেচনা করতে আমাদের সময় লাগবে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে