ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল জাতীয় দলে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে বসিয়ে রাখার পর কোচ জর্জ জেসুসের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়া সাংবাদিক এদু আগিরে। তার দাবি, প্রতিশ্রুতি রক্ষা না করে রোনালদোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জেসুস।
আগিরে জানান, ডেনমার্ক ম্যাচের আগে পর্তুগালের অনুশীলনে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সার উপস্থিতিতে রোনালদোর কাছে ক্ষমা চেয়েছিলেন জেসুস। প্রকাশ্যেও ক্ষমা চাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কোচ।
আগিরে বলেন, ‘৩০ মিনিট ধরে তাকে ওয়ার্ম-আপ করিয়ে মাঠে না নামানোর বিষয়টি ছিল অসম্মানজনক। এ জন্য রোনালদোর কাছে ক্ষমা চেয়েছিলেন জর্জ জেসুস। তিনি শুধু ব্যক্তিগতভাবে ক্ষমা চাননি। প্রকাশ্যেও ক্ষমা চাইবেন এবং নিজের ভুল স্বীকার করবেন বলে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন।’
তবে সেই প্রতিশ্রুতি পূরণ করেননি জেসুস। বরং জাতীয় দলে চূড়ান্ত সিদ্ধান্ত নিজের হাতেই রয়েছে বলে জানান তিনি। জেসুসের ভাষ্য, ‘আমি যা চাই, সেটার প্রতিশ্রুতি দিতে পারি। আমি খেলোয়াড়কে বলেছিলাম যে সে খেলবে না। ৩০ মিনিটের জন্য যদি তোমাকে (রোনালদো) আমার প্রয়োজন হয়, তাহলে তুমি খেলবে। অন্যথায় খেলবে না। কোনো খেলোয়াড়ই আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। সে হোক ফুটবলের বা অন্য কেউ।’
আগিরের দাবি, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। তার অনুপস্থিতিতে কোপেনহেগেনে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে পর্তুগাল।
২০০৮ সালের পর এই প্রথম আন্তর্জাতিক ফুটবলে কোনো ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে কাটালেন রোনালদো। ক্যাম্প ছাড়ার ঘটনায় তার প্রায় ৭০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা হতে পারে।
সময়ের আলো/এমকে