ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে সাম্প্রতিক আলোচনার মধ্যেই পর্তুগাল জাতীয় দলে বদল আসছে তার আইকনিক ৭ নম্বর জার্সিতে। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘বি২৪’-এর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, রোনালদোর ৭ নম্বর জার্সি পেতে যাচ্ছেন রাফায়েল লেয়াও।
প্রতিবেদন অনুযায়ী, আগামী দুই আন্তর্জাতিক ম্যাচে ডেনমার্ক ও নরওয়ের বিপক্ষে লেয়াওকে ৭ নম্বর জার্সিতে দেখা যেতে পারে।
নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ে এক মিনিটও মাঠে নামেননি রোনালদো। পুরো ম্যাচ বেঞ্চে বসেই কাটান তিনি। ম্যাচ শেষে সতীর্থরা সমর্থকদের সঙ্গে জয় উদ্যাপন করলেও রোনালদো সরাসরি ড্রেসিংরুমে চলে যান। পরদিন দলের অনুশীলনেও ছিলেন না তিনি। এরপর জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান এই তারকা ফুটবলার।
পরে ইনস্টাগ্রামে ক্যাম্প ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন রোনালদো। তিনি জানান, কোচের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পরই ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে এ সিদ্ধান্তের বিস্তারিত কারণ ‘সঠিক সময়ে’ জানাবেন বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে পর্তুগাল ও সতীর্থদের জন্য শুভকামনা জানান।
এর আগে পর্তুগালের কোচ হোর্হে জেসুস জানিয়েছিলেন, প্রয়োজন হলেই রোনালদোকে মাঠে নামানো হবে। নরওয়ের বিপক্ষে ম্যাচে সেটিই করা হয়েছে বলে জানান তিনি।
রোনালদোর হতাশার বিষয়টিও বুঝতে পারছেন জেসুস। ২০-৩০ মিনিট ওয়ার্ম-আপ করার পরও মাঠে নামতে না পারলে কোনো খেলোয়াড়ই খুশি হন না বলে মন্তব্য করেন তিনি। তবে রোনালদোকে না খেলানোর সিদ্ধান্তটি নিজেরই ছিল বলেও স্পষ্ট করেন কোচ।
রোনালদোকে ঘিরে দলের ভেতরের আলোচনা চললেও মাঠের পারফরম্যান্সে এখন পর্যন্ত তার প্রভাব পড়েনি। নরওয়ের বিপক্ষে জয়ের পর পর্তুগাল নিজেদের গ্রুপের শীর্ষে রয়েছে। তাদের পেছনে রয়েছে নরওয়ে ও ডেনমার্ক। দুই ম্যাচ খেলেও কোনো পয়েন্ট না পাওয়ায় ওয়েলস রয়েছে গ্রুপের তলানিতে।
রোনালদোর অনুপস্থিতিতে এখন পর্তুগালের ৭ নম্বর জার্সিতে লেয়াও কেমন করেন, সেটিই দেখার বিষয়।
সময়ের আলো/জেডি