যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ধারণা, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধের অবসান হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) আলাবামায় এক নির্বাচনি সমাবেশে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি আবারও সতর্ক করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।
ট্রাম্প বলেন, ‘আমি জানি না কার সঙ্গে কথা বলব। কথা বলার মতো কেউ নেই। কেউ প্রেসিডেন্ট হতে চায় না। আমি বলি, ইরানে কার সঙ্গে কথা বলব? নক নক, ভেতরে কেউ নেই।’
ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে তিনি বলেন, ‘ইরান কখনও পারমাণবিক অস্ত্র পাবে না। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।’
ইরানের সামরিক সক্ষমতা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই। দেশটির অর্থনীতি ‘ধ্বংসের পথে’ বলেও মন্তব্য করেন তিনি এবং মূল্যস্ফীতি প্রায় ৩১০ শতাংশ বলে দাবি করেন।
যুদ্ধ শেষ হওয়ার সময় সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এটি খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে, সম্ভবত নির্বাচনের পরপরই।’
অবরোধ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমরা এটিকে ইস্পাতের প্রাচীর বলি।’
যুদ্ধ শেষ হলে তেলের দাম দ্রুত কমে আসবে বলেও দাবি করেন ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্র শিগগিরই কৌশলগত জ্বালানি তেলের মজুত বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ পুনরায় পূরণ শুরু করবে বলে জানান তিনি।
সময়ের আলো/এমকে