নিজের চলতি মেয়াদ শেষের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কে দায়িত্ব নেবেন, তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রককে নিজের প্রেসিডেন্ট পদ, উত্তরাধিকার ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা প্রশ্ন করেছিলেন তিনি বলে জানিয়েছে টাইম।
শুক্রবার (২ অক্টোবর) টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য ওঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বরে হোয়াইট হাউসের ওভাল অফিসে মাস্কের সঙ্গে এক গোপন বৈঠকে এই প্রশ্নোত্তর হয়। বৈঠকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে পারেন, সে বিষয়েও গ্রকের মতামত জানতে চান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সেই সময় ভেনেজুয়েলা নিয়েও গ্রকের কাছে প্রশ্ন করেন ট্রাম্প। বিশেষ করে যুক্তরাষ্ট্র তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করলে দেশটির জনগণ কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারে, তা জানতে চান তিনি।
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তার বরাত দিয়ে টাইম জানায়, গ্রক মাদুরোকে ‘দমনমূলক ও অত্যন্ত অজনপ্রিয় স্বৈরশাসক’ হিসেবে বর্ণনা করে এবং অনেক ভেনেজুয়েলান তার পতনে উল্লাস করতে পারে বলে জানায়।
এর কয়েক সপ্তাহ পর, ২০২৬ সালের জানুয়ারিতে মার্কিন বাহিনী মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এরপর ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে উদ্যাপনের দৃশ্য দেখা যায়। এ ঘটনায় গ্রকের মূল্যায়নে প্রভাবিত হয়ে ট্রাম্প চ্যাটবটটিকে ‘অসাধারণ বুদ্ধিদীপ্ত’ মনে করেছিলেন বলে টাইমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই এআই প্রযুক্তি নিয়ে ট্রাম্পের আগ্রহ বাড়ছিল। একই সময়ে প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গেও তার যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সময়ের আলো/এমকে