যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তিতে আপত্তি কেন চীনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের তিন শীর্ষ পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছে। চলতি সপ্তাহে চীনের শেনজেনে

2026-11-16T23:09:07+00:00
2026-11-16T23:09:07+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তিতে আপত্তি কেন চীনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০৯ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বের তিন শীর্ষ পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছে। চলতি সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসও বিষয়টি নিশ্চিত করেছে।

মূলত নতুন ও আধুনিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করার লক্ষ্যে ট্রাম্পের উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে শুরু থেকেই এ ধরনের চুক্তিতে অংশ নেওয়ার বিষয়ে অনাগ্রহ দেখিয়ে আসছে বেইজিং। 

নিউ স্টার্ট চুক্তি কী, কেন গুরুত্বপূর্ণ?

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর মধ্য দিয়ে পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটে।

২০১০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ চুক্তিটিতে স্বাক্ষর করেন। পরে ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়।

চুক্তি অনুযায়ী, উভয় দেশ সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড এবং ৭০০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান মোতায়েন রাখতে পারত। পাশাপাশি বছরে ১৮ বার একে অপরের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ ছিল।

করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে সাম্প্রতিক বছরগুলোতে সরেজমিন পরিদর্শন বন্ধ থাকলেও বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৮৬ শতাংশের মালিক যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চুক্তিটি এক ধরনের ভারসাম্য বজায় রেখেছিল।

রাশিয়া চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলেও তা নাকচ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি চীনকে অন্তর্ভুক্ত করে নতুন একটি চুক্তি করার প্রস্তাব দেন।

নতুন চুক্তিতে চীনকে যুক্ত করতে চান ট্রাম্প

ওয়াশিংটনের ধারণা, বর্তমান বিশ্বের পারমাণবিক শক্তির ভারসাম্য বিবেচনায় শুধু রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি যথেষ্ট নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস ডি-ন্যানো এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যেও বিষয়টি উঠে এসেছে।

তাঁদের মতে, একবিংশ শতাব্দীতে কার্যকর অস্ত্র নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হলে চীনকে চুক্তির বাইরে রাখার সুযোগ নেই। কারণ দেশটি দ্রুতগতিতে নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে।

যুক্তরাষ্ট্রের চাওয়া, নতুন চুক্তিতে রাশিয়ার আধুনিক পারমাণবিক অস্ত্রের পাশাপাশি চীনের ক্রমবর্ধমান অস্ত্রভান্ডারকেও নিয়ন্ত্রণের আওতায় আনা হোক।

চুক্তিতে যোগ দিতে অনীহা বেইজিংয়ের

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম। মূলত এই ব্যবধানের কারণেই ত্রিপক্ষীয় চুক্তিতে যুক্ত হতে চায় না বেইজিং।

সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের কাছে ৫ হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে চীনের কাছে রয়েছে প্রায় ৬২০টি। তবে ২০২৩ সাল থেকে প্রতিবছর প্রায় ১০০টি করে নতুন ওয়ারহেড যুক্ত করছে দেশটি। ফলে বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমপর্যায়ের পারমাণবিক সক্ষমতা চীনের নেই। তাই এই মুহূর্তে নিরস্ত্রীকরণ আলোচনায় অংশ নেওয়ার প্রশ্ন আসে না।

ফুদান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঝাও মিংহাও আলজাজিরাকে বলেন, চীন ‘প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার’ নীতিতে বিশ্বাসী। দেশটি আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ন্যূনতম পারমাণবিক সক্ষমতা বজায় রাখতে চায়।

বেইজিংয়ের আশঙ্কা, এ ধরনের চুক্তিতে যুক্ত হলে তাদের তুলনামূলক ছোট অস্ত্রভান্ডারের ওপর সীমাবদ্ধতা তৈরি হবে এবং আন্তর্জাতিক নজরদারির সুযোগ বাড়বে। এ ছাড়া অতীতে বিভিন্ন ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার ঘটনাও ওয়াশিংটনের প্রতি চীনের আস্থার সংকট তৈরি করেছে।

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সান চেংহাও এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক উইলিয়াম ইয়াংয়ের মতে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ও আধুনিক প্রযুক্তির বিপরীতে নিজেদের পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রাখতে চায় চীন।

তাদের মতে, কোনো চুক্তিতে আবদ্ধ হলে চীনের সামরিক আধুনিকায়ন বাধাগ্রস্ত হতে পারে। তাই নিজেদের কৌশলগত স্বাধীনতা বজায় রাখতেই আগ্রহী বেইজিং।

অন্যদিকে হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলেজান্দ্রো রেয়েস মনে করেন, চীনের পারমাণবিক কর্মসূচিতে স্বচ্ছতার অভাব রয়েছে। ফলে দেশটি ভবিষ্যতে কতটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

তিন দেশের মধ্যে চুক্তি কি আদৌ সম্ভব?

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া আগে নিজেদের বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডার কমিয়ে চীনের কাছাকাছি পর্যায়ে না আনলে বেইজিং ত্রিপক্ষীয় আলোচনায় বসতে আগ্রহী হবে না।

অধ্যাপক ঝাও মিংহাও ও গবেষক সান চেংহাওয়ের মতে, শুরুতেই সরাসরি পারমাণবিক অস্ত্র কমানোর পরিবর্তে পারস্পরিক আস্থা তৈরির উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখা, তথ্য আদান-প্রদান, সংকটকালীন যোগাযোগব্যবস্থা জোরদার এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পারমাণবিক ব্যবস্থায় মানুষের নিয়ন্ত্রণ নিশ্চিত করার মতো বিষয়ে আলোচনা শুরু হতে পারে।

তবে ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে নিকট ভবিষ্যতে তিন দেশের মধ্যে আনুষ্ঠানিক পারমাণবিক চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশ্লেষকেরা।

তাদের ধারণা, ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক চুক্তির পরিবর্তে দেশগুলোর মধ্যে অনানুষ্ঠানিক সংযম ও পারস্পরিক বোঝাপড়ার উদ্যোগই বেশি দেখা যেতে পারে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   যুক্তরাষ্ট্র  রাশিয়া  পারমাণবিক চুক্তি  চীন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: