টেলিগ্রাম। ছবি : আরব নিউজ জাতীয় নিরাপত্তা ও উগ্রবাদী বিষয়বস্তু ছড়িয়ে পড়ার আশঙ্কায় জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধের ঘোষণা দিয়েছে ইরাক ও জর্ডান। সোমবার (১৬ নভেম্বর) দেশ দুটি এ সিদ্ধান্তের কথা জানায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উগ্রবাদ ছড়ানো, সহিংসতায় উসকানি দেওয়া এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি ঠেকাতে এ পদক্ষেপ নিয়েছে দেশ দুটি।
ইরাকের গণমাধ্যম ও যোগাযোগ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে টেলিগ্রাম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাপটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ইরাকের আইন ও বিধিবিধান মেনে চলতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
ইরাকি নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্ল্যাটফর্মটিতে আইন লঙ্ঘনকারী বিভিন্ন বিষয়বস্তু প্রকাশিত হলেও সেগুলো নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি টেলিগ্রাম। এ বিষয়ে নিজেদের আইনি অবস্থান ঠিক করতে প্রতিষ্ঠানটিকে ৩০ দিন সময় দেওয়া হয়েছিল।
কর্তৃপক্ষের দাবি, উগ্রবাদ, সহিংসতা ও বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি সাইবার অপরাধ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টেলিগ্রামকে ইরাকের ব্যবহারকারীদের প্রকাশিত বিষয়বস্তু পর্যালোচনা, অপব্যবহার বন্ধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য করাও এ পদক্ষেপের উদ্দেশ্য।
বিবৃতিতে বলা হয়, ‘ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমাজের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা বজায় রাখা অগ্রাধিকার।’
অন্যদিকে, জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী সমাজকে বিভিন্ন হুমকি থেকে সুরক্ষিত রাখতেই টেলিগ্রাম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে উগ্রবাদ ও চরমপন্থা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা দেশটির সামাজিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য হুমকি বলে উল্লেখ করেছে সংস্থাটি।
জর্ডানে সাম্প্রতিক হামলার পর বাড়তি নিরাপত্তা উদ্বেগ
জর্ডানে গত মাসে একটি গির্জায় বিরল এক প্রাণঘাতী হামলায় নয়জন নিহত হন। ওই ঘটনার পর প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলা চালায় জর্ডান। দেশটির দাবি, ওই হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (দায়েশ) ২০ সদস্য নিহত হয়েছেন।
এ ছাড়া গত ৫ নভেম্বর আম্মানে এক নিরাপত্তা কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। জর্ডান এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে। এ ঘটনায় আরও একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন।
টেলিগ্রামের বিরুদ্ধে বিভিন্ন দেশে তদন্ত
রাশিয়ান দুই ভাই নিকোলাই ও পাভেল দুরভ প্রতিষ্ঠিত টেলিগ্রাম দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তবে জঙ্গিগোষ্ঠী দায়েশসহ বিভিন্ন উগ্রবাদী সংগঠন অতীতে নিজেদের বক্তব্য ও বিবৃতি প্রচারে এ অ্যাপ ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে।
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধেও একাধিক দেশে তদন্ত চলছে। গত জুলাইয়ে রাশিয়া তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে মামলা করার কথা জানায়। রুশ কর্তৃপক্ষের অভিযোগ, ইউক্রেনের গুপ্তচরেরা রাশিয়ার ভেতরে হামলার পরিকল্পনা ও সমন্বয়ে অ্যাপটি ব্যবহার করছে।
তবে দুরভ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, অপরাধ দমন এবং অবৈধ বিষয়বস্তু নিয়ন্ত্রণে টেলিগ্রাম প্রয়োজনীয় সহযোগিতা করে আসছে এবং কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিজেদের দায়িত্বের চেয়েও বেশি পদক্ষেপ নিয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ