রুয়ান্ডায় অভিবাসীদের জন্য বিশেষ প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে জার্মানি, অস্ট্রিয়া, গ্রিস, ডেনমার্ক ও নেদারল্যান্ডস । ছবি : সংগৃহীতইউরোপে আশ্রয় চেয়ে আইনি প্রক্রিয়ায় হেরে যাওয়া অভিবাসীদের নিজ দেশে ফেরত না পাঠিয়ে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপের পাঁচটি দেশ। এ লক্ষ্যে রুয়ান্ডায় অভিবাসীদের জন্য বিশেষ প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে জার্মানি, অস্ট্রিয়া, গ্রিস, ডেনমার্ক ও নেদারল্যান্ডস।
সোমবার (১৬ নভেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ পরিকল্পনা ঘোষণা করার কথা রয়েছে। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
এর আগে, গত সেপ্টেম্বরে দেশ পাঁচটি জানিয়েছিল, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে কোনো দেশে অভিবাসীদের প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের বিষয়ে তারা আলোচনা করছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, যেসব অভিবাসীর আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং ইউরোপে থাকার সব আইনি সুযোগ শেষ হয়েছে, তাদের রুয়ান্ডায় পাঠানো হবে। সেখানে বিশেষ কেন্দ্রে রেখে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সম্প্রতি ইইউর নতুন প্রত্যাবাসন বিধিমালায় সদস্যদেশগুলোকে ইউরোপের বাইরে এ ধরনের কেন্দ্র স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো এবং অবৈধ অভিবাসন নিরুৎসাহিত করতে চায় ইউরোপের দেশগুলো।
তবে, রুয়ান্ডায় এসব কেন্দ্র কীভাবে পরিচালিত হবে, সেখানে অভিবাসীদের সঙ্গে কেমন আচরণ করা হবে এবং তাদের মৌলিক অধিকার কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।
বিশেষ করে, ইউরোপের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা অভিবাসীদের তৃতীয় একটি দেশে পাঠানোর ক্ষেত্রে তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষার দায়িত্ব কে নেবে, সে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো।
ডেনিশ রিফিউজি কাউন্সিলের ইউরোপীয় ইউনিয়নবিষয়ক পরিচালক সেলিন মিয়াস বলেছেন, কোনো অভিবাসীর অধিকার লঙ্ঘিত হলে তিনি কোথায় প্রতিকার চাইবেন, তা স্পষ্ট নয়। একই সঙ্গে এ ধরনের ঘটনায় দায়ভার কে নেবে, সেটিও পরিষ্কার করা প্রয়োজন।
এ দিকে, ইউরোপের কয়েকটি দেশে নির্বাচন সামনে রেখে অভিবাসনবিরোধী মনোভাব জোরালো হচ্ছে। ফলে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার জন্য সরকারগুলোর ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। বিশ্লেষকদের ধারণা, নতুন এ উদ্যোগের মাধ্যমে সরকারগুলো অভিবাসন নিয়ন্ত্রণে নিজেদের কঠোর অবস্থান তুলে ধরতে চায়। পাশাপাশি নির্বাচনের আগে ভোটারদের কাছে নিজেদের সক্ষমতা ও দৃঢ়তার বার্তাও দিতে চায় তারা।
তবে, নতুন এ পরিকল্পনার সঙ্গে যুক্তরাজ্যের বাতিল হয়ে যাওয়া রুয়ান্ডা পরিকল্পনার কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যুক্তরাজ্য আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন ব্যক্তিদেরও রুয়ান্ডায় পাঠাতে চেয়েছিল। বিপরীতে ইউরোপের পাঁচ দেশের পরিকল্পনায় কেবল যাদের আশ্রয়সংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষ হয়েছে এবং আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, তাদের পাঠানোর কথা বলা হচ্ছে।
পাঁচ দেশের নেতারা জানিয়েছেন, ইউরোপীয় ও আন্তর্জাতিক আইন মেনেই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। যদিও কাউন্সিল অব ইউরোপ গত জুলাইয়ে সতর্ক করে বলেছিল, এ ধরনের প্রত্যাবাসন কেন্দ্র অভিবাসীদের মানবাধিকারের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।
ইউরোপীয় কর্মকর্তাদের যুক্তি, এ উদ্যোগের উদ্দেশ্য শুধু অভিবাসীদের অন্য দেশে পাঠানো নয়, বরং বিপজ্জনক পথে ইউরোপে আসার প্রবণতা কমানো। হাজার হাজার ইউরো খরচ করে ইউরোপে পৌঁছানোর পর অন্য দেশে পাঠানোর আশঙ্কা থাকলে অনেকেই অভিবাসনের চেষ্টা থেকে বিরত থাকবেন বলে মনে করছেন তারা।
তবে, এ যুক্তির সঙ্গে একমত নন সমালোচকেরা। তাদের মতে, কঠোর অভিবাসন নীতি দীর্ঘ মেয়াদে অভিবাসন কমাতে কার্যকর—এমন প্রমাণ খুব বেশি নেই। মিক্সড মাইগ্রেশন সেন্টারের গবেষক রবার্তো ফরিন বলেছেন, কঠোর ব্যবস্থা অভিবাসীদের যাত্রা বন্ধ করে না; বরং যাত্রার পথ বদলে দেয়। এতে পাচারকারীরা কৌশল পরিবর্তন করে আরও বেশি অর্থ দাবি করার সুযোগ পান।
এ ছাড়া, রুয়ান্ডার মানবাধিকার পরিস্থিতি নিয়েও দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। দেশটির প্রেসিডেন্ট পল কাগামের সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধীদের দমন, মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করা, নজরদারি এবং নির্বিচার আটকের অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
এর আগে, যুক্তরাষ্ট্রও রুয়ান্ডার সঙ্গে অভিবাসী পাঠানোর বিষয়ে চুক্তি করেছে। ওই চুক্তির আওতায় সর্বোচ্চ ২৫০ জন অভিবাসীকে দেশটিতে পাঠানোর সুযোগ রয়েছে।
অন্যদিকে, যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ২০২৩ সালে দেশটির রুয়ান্ডায় অভিবাসী পাঠানোর পরিকল্পনাকে বেআইনি ঘোষণা করেন। পরে লন্ডন সরকার পরিকল্পনাটি বাতিল করে। এ কারণে পরবর্তী সময়ে যুক্তরাজ্যের কাছে পাঁচ কোটি পাউন্ড ক্ষতিপূরণ দাবি করে রুয়ান্ডা।
সময়ের আলো/এসকে