ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী ও বিরোধী নেতা গাদি আইজেনকোট। ছবি : আরব নিউজ । ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আর এক মিনিটের জন্যও সরকারপ্রধানের পদে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী ও বিরোধী নেতা গাদি আইজেনকোট। রোববার (১৫ নভেম্বর) নেতানিয়াহুর এক ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর তিনি এ মন্তব্য করেন।
সাবেক সেনাপ্রধান আইজেনকোট বলেন, বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকোটের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের কয়েক ঘণ্টা পরই প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অবস্থান নেন আইজেনকোট।
ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশের কমিশনারের কার্যালয়ে ফোন করে আরব-ইসরায়েলি রাজনৈতিক দল রা'আমের কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ জানান।
প্রতিবেদন অনুযায়ী, ওই ফোনালাপে নর্ডেন পুলিশ কর্মকর্তাদের এমন এক কথিত গোয়েন্দা সূত্রের সন্ধান দেন, যিনি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কর্মরত ছিলেন।
ওই সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে রা'আমের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে নির্বাচনে রেকর্ডসংখ্যক আসন পাওয়ার পর নেতানিয়াহু আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ তোলেন।
তবে পুলিশের তদন্তে ওই গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য ভিত্তিহীন বলে প্রমাণিত হওয়ায় গ্রেফতার তিনজনকে পরে ছেড়ে দেওয়া হয়।
রোববার নিজের দলের এক বিবৃতিতে আইজেনকট বলেন, ‘আমি এই ঘটনার অবিলম্বে তদন্ত শুরুর আহ্বান জানাচ্ছি।’
অন্যদিকে নেতানিয়াহুর কার্যালয় চ্যানেল ১২-এর প্রতিবেদনকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, নর্ডেন একজন নাগরিক হিসেবে তার দায়িত্ব পালন করেছেন।
বিরোধী দলগুলোর অভিযোগ, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু আরব রাজনৈতিক দলগুলো এবং নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।
সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা
গত মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকটের বিরোধী জোট—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি।
দেশটির প্রধান দুটি আরব রাজনৈতিক দল জয়েন্ট লিস্ট ও রা'আম আইজেনকটকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। গত সপ্তাহে তাঁকেই সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়।
এর আগে শনিবার নেতানিয়াহু আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকারে যোগ দেওয়ার আহ্বান জানান। তবে সাবেক এই সেনাপ্রধান নেতানিয়াহুর প্রস্তাবকে ‘কূটকৌশল’ হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর অভিযোগ তোলেন।
সময়ের আলো/ইউএমএইচ