ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও অন্তর্বর্তী রাজধানী এডেনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে হুতি বিদ্রোহীরা। সংগৃহীত ছবি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও অন্তর্বর্তী রাজধানী এডেনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে হুতি বিদ্রোহীরা। বর্তমানে শহরটি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। তাদের অগ্রযাত্রা ঠেকাতে এডেনের চারপাশে প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে সরকারি বাহিনী। হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে এডেনের চারপাশে বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষা ব্যারিকেড ও সুড়ঙ্গ খনন করছে সরকারি বাহিনী।
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি)। বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা ইতোমধ্যে লাহিজ প্রদেশের দুটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে এবং এডেন অভিমুখে অগ্রসর হচ্ছে।
ইয়েমেনের সরকারি বাহিনীর চারজন সামরিক কর্মকর্তা এবং সরকারের সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানিয়েছেন, হুতিরা লাহিজ প্রদেশের আল-মাদারিবা এলাকার আল-খারাজ সামরিক ক্যাম্পে অবস্থান নিয়েছে। সেখান থেকে এডেনের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার।
হুতিদের অগ্রযাত্রার মুখে এডেনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। শহরটি রক্ষায় সরকারি বাহিনী বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষা ব্যারিকেড তৈরি করছে এবং বিভিন্ন স্থানে সুড়ঙ্গ খনন করছে। গত শুক্রবার থেকেই এসব প্রতিরক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা।
এদিকে লোহিত সাগর উপকূলের বিভিন্ন এলাকা থেকে সেনা সরিয়ে এডেন ও আশপাশের অঞ্চলে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেন সরকার। সরকারি বাহিনীর প্রত্যাহারের পর উপকূলীয় এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার কথা নিশ্চিত করেছে হুতিদের সামরিক সূত্র। তাদের দাবি, ধুবাব থেকে খোর আমিরার কাছাকাছি অবস্থান পর্যন্ত ১৫০ কিলোমিটারের বেশি এলাকায় বাহিনী মোতায়েন করা হয়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি ও এডেনের মধ্যবর্তী লাহিজ প্রদেশের উপকূলীয় এলাকাগুলোতে হুতিদের অগ্রযাত্রা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ ছাড়া এডেন থেকে তাইজ শহরের প্রধান সড়ক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ আল-মাকাতিরাহর পার্বত্য অঞ্চলও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে গোষ্ঠীটি। কয়েক সপ্তাহ ধরে হুতিদের অবরোধে রয়েছে তাইজ শহর।
সরকারি বাহিনী জানিয়েছে, তাইজের অবরোধ ভাঙতে অভিযান অব্যাহত রাখা হবে। তবে গত কয়েক সপ্তাহে লোহিত সাগর উপকূলসহ বিভিন্ন এলাকায় হুতিদের ধারাবাহিক অগ্রযাত্রায় সরকারি বাহিনী চাপের মুখে পড়েছে।
এডেনে প্রাণঘাতী হামলা, নিহত ৮
এডেন ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক হামলা চালিয়েছে হুতিরা। গত ১৫ অক্টোবর প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে চালানো হামলায় চারজন নিহত হয়েছিলেন বলে জানিয়েছে সরকারি সামরিক সূত্র।
এ ছাড়া রোববার লাহিজ প্রদেশের একটি চেকপোস্টে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সামরিক ও সরকারি সূত্র।
২০১৫ সালেও এডেন দখলের চেষ্টা চালিয়েছিল হুতিরা। তবে সে সময় তাদের অভিযান ব্যর্থ হয়।
যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘাত
ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে ২০২২ সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সেই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নতুন করে সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে দেশটির পশ্চিম উপকূলজুড়ে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তৃত করেছে হুতিরা।
বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ আরও জোরালো হয়েছে। এশিয়া ও ইউরোপের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ প্রতিষ্ঠান বাশা রিপোর্টের মোহাম্মদ আল-বাশা বলেছেন, সরকারি বাহিনী মূলত প্রতিরক্ষামূলক অবস্থানে আটকে রয়েছে। নতুন যুদ্ধফ্রন্ট খুলতে, হুতিদের সামরিক সক্ষমতার ওপর চাপ সৃষ্টি করতে কিংবা যুদ্ধের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে তারা ব্যর্থ হচ্ছে।
তার মতে, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সামরিক নেতৃত্বের বিভক্তি, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিরোধ এবং কাগজে-কলমে থাকা কিন্তু বাস্তবে যুদ্ধক্ষেত্রে অনুপস্থিত সেনাসদস্যের সমস্যা সরকারি বাহিনীর দুর্বলতার অন্যতম কারণ।
তিনি আরও বলেন, বর্তমানে যুদ্ধের গতি ও দিকনির্দেশনা নির্ধারণ করছে হুতিরাই।
মানবিক সংকটে হাজারো মানুষ
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে ১ হাজার ৬০০-এর বেশি মানুষ নিহত এবং তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
রোববার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) লাহিজ প্রদেশের খারাজ শরণার্থীশিবিরের আশপাশে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির আশঙ্কা, সেখানে প্রায় ৯ হাজার ৬০০ শরণার্থী ঝুঁকির মধ্যে রয়েছেন।
সংস্থাটি জানিয়েছে, চলমান সংঘাতের কারণে শরণার্থীদের সুরক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে।
সব মিলিয়ে হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রায় ইয়েমেনের দক্ষিণাঞ্চল এবং বিশেষ করে এডেনের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে সংকটের মুখে পড়েছে। তবে এখন পর্যন্ত এডেন শহরটি হুতিদের নিয়ন্ত্রণে যাওয়ার খবর পাওয়া যায়নি।
সময়ের আলো/ইউএমএইচ