প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:০৭ এএম
ছবি : সংগৃহীত সুদানে বিদ্যুৎকেন্দ্রে একের পর এক ড্রোন হামলায় ভয়াবহ বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। রাজধানী খার্তুমসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। এতে হাসপাতাল, ব্যবসা-প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ডায়াবেটিসসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পোর্ট সুদানের আল-তাকাদ্দুম এলাকার ৪২ বছর বয়সি কামাল মোহাম্মদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত। রক্তে শর্করা নিয়ন্ত্রণে তাকে প্রতিদিন ইনসুলিন নিতে হয়। কিন্তু দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে ওষুধ সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে।
কামাল বলেন, বিদ্যুৎ না থাকায় ফ্রিজের তাপমাত্রা বেড়ে যায়। ফলে কখনো কখনো তাকে ইনসুলিন নেওয়া বন্ধ রাখতে হয়। ওষুধ ঠান্ডা রাখতে প্রতিদিন বরফ কিনতেও হচ্ছে। তার মাসিক বেতন দেড় লাখ সুদানি পাউন্ডের বেশি নয়। অথচ প্রতিদিন ছোট এক টুকরা বরফ কিনতেই খরচ হচ্ছে সাত হাজার পাউন্ড।
২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী (এসএএফ) ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত শুরু হয়। এরপর থেকে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে প্রায় ৪৫ লাখ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এ সংঘাতে দেড় লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অন্তত ৯টি রাজ্যের বিদ্যুৎ অবকাঠামোয় ১৮টি হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধের আগে দেশটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল প্রায় ৪ হাজার ৪০০ মেগাওয়াট। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াটে।
জাতিসংঘের আবাসিক ও মানবিক সহায়তা সমন্বয়ক ডেনিস ব্রাউন সতর্ক করে বলেছেন, বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলার কারণে ডায়ালাইসিস বন্ধ থাকছে, হাসপাতালে আলো ছাড়াই সন্তান জন্ম দিচ্ছেন নারীরা এবং অস্ত্রোপচারও করা যাচ্ছে না।
বিদ্যুৎ সংকটে পোর্ট সুদানের ২২ বছর বয়সি ওসামা ওমরের লন্ড্রির ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কখনো টানা ২৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না। ফলে কাপড় জমে থাকছে, নতুন অর্ডারও নিতে পারছেন না তিনি।
এদিকে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরগুলোতেও বিদ্যুৎ ও পানির সংকট প্রকট। ব্লু নাইল রাজ্যের আল-দামাজিনে আল-কারামা-৩ শিবিরে প্রায় ৩ হাজার মানুষ মাত্র তিনটি বড় বাতির ওপর নির্ভর করে দিন কাটাচ্ছেন।
শিবিরে থাকা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা ওষুধ সংরক্ষণ ও চিকিৎসাসেবা না পেয়ে আরও বিপাকে পড়ছেন। সব মিলিয়ে বিদ্যুৎ অবকাঠামোয় হামলা সুদানের সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে