হুথিদের দখলে বাব আল-মান্দেব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। ফলে এলাকাটির নিয়ন্ত্রণ এখন ইরান-সমর্থিত

2026-11-16T05:38:52+00:00
2026-11-16T05:38:52+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হুথিদের দখলে বাব আল-মান্দেব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ এএম 
ছবি : সংগৃহীত
কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। ফলে এলাকাটির নিয়ন্ত্রণ এখন ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হাতে চলে গেছে। রোববার সরকারি বাহিনীর পক্ষ থেকে সেনা প্রত্যাহারের এ ঘোষণা দেওয়া হয়।

সরকারি বাহিনীর এ পশ্চাৎপসরণের ফলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বাব আল-মান্দেব প্রণালির ওপর হুথিদের প্রভাব আরও বাড়ল। আরব উপদ্বীপের একদিকে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। অন্যদিকে বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ বিশ্ববাণিজ্যের জাহাজ চলাচলে নতুন চাপ তৈরি করতে পারে। 

এ পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর তেল রফতানির প্রধান সমুদ্রপথগুলো আরও ঝুঁকির মুখে পড়তে পারে। বাব আল-মান্দেব প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সামুদ্রিক বাণিজ্যপথ। বিশেষ করে এশিয়া থেকে মিসরের সুয়েজ খাল হয়ে ইউরোপে পণ্য পরিবহনের ক্ষেত্রে পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দক্ষিণ ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তারা রাজধানী এডেনের দিকে সেনাদের পুনরায় মোতায়েন করছে। ইয়েমেনের রাজধানী সানা ও জনবহুল উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণকারী হুথিরা দক্ষিণের সরকারি নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতেও চাপ বাড়াচ্ছে।

দক্ষিণাঞ্চলীয় বাহিনী এক বিবৃতিতে জানায়, তাইজ প্রদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকা থেকে সেনা প্রত্যাহার করে পুনরায় মোতায়েনের কার্যক্রম শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘রাজধানী এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সম্মুখসারির প্রতিরক্ষা জোরদার করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলাকে অগ্রাধিকার দিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এর আগে কৌশলগত উপকূলীয় এলাকাগুলো হুথিদের কাছ থেকে পুনরুদ্ধারে গত অক্টোবর মাসে সামরিক অভিযান শুরু করে ইয়েমেনের সরকারি বাহিনী। এর আগে সেপ্টেম্বর মাসে পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে দক্ষিণ দিকে অগ্রসর হয়েছিল শক্তিশালী হুথি বিদ্রোহীরা। তাদের দ্রুত অগ্রযাত্রায় বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি পৌঁছে যায় তারা।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইয়েমেনে সংঘাত আরও তীব্র হয়েছে। ইরানকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের মধ্যেও এটি নতুন একটি সংঘাতপূর্ণ ফ্রন্টে পরিণত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রফতানিকারক সৌদি আরবকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে হুথিরা।


ইরান যুদ্ধের প্রথম কয়েক মাস তুলনামূলক শান্ত থাকলেও সম্প্রতি সৌদি আরবে হুথিদের হামলায় বিমান চলাচল ও তেল সরবরাহ ব্যাহত হয়েছে। দেশটির বিভিন্ন বন্দর, বিমানবন্দর এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে হুথিরা। এসব স্থাপনার মধ্যে লোহিত সাগর উপকূলে অবস্থিত সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র ইয়ানবুও রয়েছে।

জবাবে ইয়েমেনে হুথিদের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে সৌদি আরব। ২০১৪ সালে হুথিরা সরকারকে দক্ষিণাঞ্চলে হটিয়ে দেওয়ার পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। দরিদ্র ইয়েমেন বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

এদিকে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ এলাকায় সংঘর্ষ আরও তীব্র হচ্ছে। একই সঙ্গে অবনতি হচ্ছে মানবিক পরিস্থিতির। সাম্প্রতিক সংঘাতে বাস্তুচ্যুত হওয়া ইয়েমেনের প্রায় ৩ লাখ মানুষের মধ্যে অর্ধেকের বসবাস তাইজ শহরে। শহরটি এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে ত্রাণসহায়তা প্রবেশ করতে পারছে না। এমনকি বেসামরিক নাগরিকদেরও শহর ছেড়ে যাওয়ার সুযোগ নেই।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   হুথি  দখল  বাব আল-মান্দেব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: