প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম
জর্ডানের আম্মানে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা আদালতের বাইরে পাহারায় রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি : রয়টার্সজর্ডানের দক্ষিণাঞ্চলীয় কারাক প্রদেশে একটি গির্জায় প্রাণঘাতী হামলার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির নিরাপত্তা আদালত। গত মাসে ওই হামলায় ৯ জন নিহত ও ৪০ জন আহত হয়েছিলেন।
রোববার (১৫ নভেম্বর) আদালত এই রায় দেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা জানিয়েছে।
আদালত তিনজনকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রাণহানি ঘটানো, সন্ত্রাসী উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদ রাখা এবং একটি সন্ত্রাসী গোষ্ঠীর আদর্শ প্রচারের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। পাশাপাশি দেশটির সর্বোচ্চ আপিল আদালত ক্যাসেশন কোর্টে স্বয়ংক্রিয় পর্যালোচনাও হবে।
গত ২৩ অক্টোবর কারাক প্রদেশের হামুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় শেষকৃত্য অনুষ্ঠানের সময় বন্দুকধারীরা গুলি চালায়। জর্ডানের খ্রিষ্টান সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এ ধরনের হামলা বিরল। হামলায় ৯ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৪ জন আহত হন বলে কর্তৃপক্ষ জানিয়েছিল।
২৬ অক্টোবর কারাকের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। এ সময় গোলাগুলিতে তিনজনই আহত হন। তবে নিরাপত্তা বাহিনীর কেউ আহত হননি বলে জানিয়েছে জননিরাপত্তা অধিদপ্তর।
হামলার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ওই দিনই দক্ষিণ সিরিয়ায় বিমান হামলা চালায় জর্ডান। দেশটির দাবি, গির্জায় হামলার সঙ্গে ওই গোষ্ঠীগুলোর যোগসূত্র রয়েছে। সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় তিন শিশুসহ সাতজন নিহত হন।
পরে সিরিয়ায় বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে জর্ডান। এ ঘটনার পরিণতি পর্যালোচনায় দুই দেশ একটি যৌথ নিরাপত্তা কমিটি গঠনে সম্মত হয়।
সময়ের আলো/ইউএমএইচ