৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে টেনে তুলেছে ভারত, তবু কাটেনি দুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে গত এক যুগে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠেছে। ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে

2026-11-15T16:24:22+00:00
2026-11-15T16:24:22+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে টেনে তুলেছে ভারত, তবু কাটেনি দুর্ভোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম 
ভারতের আহমেদাবাদে একটি খাবারের দোকানের বাইরে বিনামূল্যে খাবারের অপেক্ষায় মানুষ। ছবি : এপি
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে গত এক যুগে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠেছে। ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশে নেমেছে। তবে দারিদ্র্য থেকে বেরিয়ে আসা মানুষের বড় একটি অংশের জীবনমান এখনো নাজুক। সামান্য অর্থনৈতিক সংকট, অসুস্থতা কিংবা প্রাকৃতিক দুর্যোগেই তাদের আবার দারিদ্র্যের কবলে পড়ার আশঙ্কা রয়েছে। 

সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তবে দারিদ্র্য কমার এই পরিসংখ্যানের সঙ্গে সাধারণ মানুষের বাস্তব জীবনের চিত্রের যথেষ্ট পার্থক্য রয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা। 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজস্থানের রাজসমন্দ জেলার ২৫ বছর বয়সী হেমা প্রজাপতের পরিবার এখন আর সরকারি হিসাবে দরিদ্র নয়। অথচ মাসের শেষ দিকে তাদের রান্নাঘরের খাবার ফুরিয়ে যায়। সংসার চালাতে ঋণ করতে হয় স্বামী হরি প্রজাপতকে। নয় বছর বয়সী ছেলের খাবারের চাহিদা মেটাতেও হিমশিম খেতে হয় পরিবারটিকে। 

তিন সদস্যের পরিবার চালাতে হেমার মাসে খরচ হয় ১১ হাজার রুপি। বিশ্বব্যাংকের হিসাবে ওই পরিবারের দারিদ্র্যসীমা প্রায় ৭ হাজার ৩৮০ রুপি। অর্থাৎ দারিদ্র্যসীমার ওপরে থাকলেও পরিবারটির আর্থিক অবস্থা মোটেও স্বচ্ছল নয়।

ভারতে এক দশকের বেশি সময় ধরে সরকারিভাবে ভোগব্যয়ের ভিত্তিতে দারিদ্র্যের কোনো নতুন হিসাব প্রকাশ করা হয়নি। ফলে আন্তর্জাতিকভাবে তুলনাযোগ্য পরিসংখ্যান তৈরিতে বিশ্বব্যাংকের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে ভারত। এত বড় পরিসরে দারিদ্র্য হ্রাসের নজির রয়েছে চীনের। দেশটি চার দশকে ৮০ কোটির বেশি মানুষকে চরম দারিদ্র্য থেকে মুক্ত করেছে।

তবে ভারতের দারিদ্র্যসীমা নির্ধারণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন অর্থনীতিবিদ। তাদের মতে, নির্ধারিত এই সীমা এতটাই কম যে এর ওপরে আয় থাকলেও একজন মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত হয় না।

হেমা জানান, তার বয়স যখন ১১ বছর, তখনই বিয়ে দেওয়া হয়। তার স্বামীর পরিবার ঐতিহ্যগতভাবে মাটির পাত্র তৈরি করে জীবিকা নির্বাহ করত। পরে সেই আয় কমে গেলে হরি ফুচকা বিক্রি শুরু করেন। কিন্তু করোনাভাইরাস মহামারির সময় সেই ব্যবসাও বন্ধ হয়ে যায়। এরপর সংসারের হাল ধরতে বাড়ি বাড়ি গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন হেমা। বর্তমানে মাসে ৫ হাজার রুপি আয় করেন তিনি।

তার ভাষ্য, কাজ শুরু করার পর সংসারে কিছুটা স্বস্তি ফিরলেও আয় বাড়ার সঙ্গে সঙ্গে খরচও বেড়েছে। বাজারে পণ্যের দাম কয়েক বছরে অনেক বেড়েছে। ফলে যা আয় হয়, তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে ভারতের দারিদ্র্য কমার পেছনে নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণ বৃদ্ধি এবং সরকারি খাদ্যসহায়তার ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। দেশটির খাদ্যনিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতি মাসে প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পান।

তবে মূল্যস্ফীতির চাপ এসব সহায়তার সুফল অনেকটাই সীমিত করে দিচ্ছে। ভারতের সরকারি ভোক্তা মূল্যসূচক অনুযায়ী, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ভোগ্যপণ্যের সামগ্রিক দাম অন্তত ৫১ শতাংশ বেড়েছে। কিন্তু একই হারে মানুষের মজুরি বাড়েনি।

সরকারি হাসপাতালে বিনা মূল্যে বা কম খরচে চিকিৎসার সুযোগ থাকলেও সেবার মান ও দীর্ঘ অপেক্ষার কারণে অনেকেই বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন। হেমার ছেলে অসুস্থ হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিতে হয়। চিকিৎসায় খরচ পড়ে প্রায় ৬ হাজার রুপি, যা হেমার এক মাসের আয়ের চেয়েও বেশি।


একটি ধাক্কাই ফিরিয়ে দিতে পারে দারিদ্র্যে

অর্থনীতিবিদদের মতে, ভারতের লাখো পরিবার এখন দারিদ্র্যসীমার সামান্য ওপরে অবস্থান করছে। ফলে মহামারি, খরা, বন্যা, অসুস্থতা কিংবা পারিবারিক কোনো বড় ব্যয় তাদের আবার দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।

নয়াদিল্লির উন্নয়ন অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রা বলেন, ভারতে দারিদ্র্যসীমা অনেক নিচে নির্ধারণ করা হয়েছে। ফলে একটি বড় ধরনের ধাক্কাই মানুষকে আবার দারিদ্র্যের মধ্যে ফিরিয়ে নিতে পারে। এমনকি বিয়ে কিংবা চিকিৎসার মতো পারিবারিক ব্যয়ও অনেকের জন্য আর্থিক বিপর্যয় ডেকে আনতে পারে।

রাজসমন্দের বাসিন্দা ৩১ বছর বয়সী সুশীলা সালভির জীবনেও তেমন ঘটনা ঘটেছে। আট বছর ধরে মেকআপের কাজ শিখে একটি ছোট সেলুন চালাচ্ছিলেন তিনি। মেয়ের উচ্চশিক্ষার জন্য কিছু অর্থও জমিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর চিকিৎসার প্রয়োজনে বেসরকারি ক্লিনিকে যেতে হয় তাকে। মাতৃত্বকালীন চিকিৎসায় প্রায় ৬৫ হাজার রুপি খরচ হওয়ায় তার সব সঞ্চয় শেষ হয়ে যায়। এমনকি মেয়ের মাসে ৬০০ রুপির অতিরিক্ত পড়াশোনার খরচও বন্ধ করতে হয়।

অন্যদিকে, নয়াদিল্লির উপকণ্ঠে বসবাসকারী ৩৭ বছর বয়সী সীমা কুমার তিন সদস্যের পরিবার চালাতে মাসে ২০ হাজার রুপি ব্যয় করেন। উৎসব কিংবা ছেলের জন্মদিনের মতো বিশেষ সময়ে খরচ বেড়ে গেলে ঋণ নিতে হয় তাকে।

সম্প্রতি দীপাবলি উৎসবের পর দিল্লির বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করলে সীমার পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়েন। কিন্তু ছেলের জন্য একটি মাস্ক কেনার সামর্থ্যও ছিল না তার। সীমার প্রশ্ন, যে পরিবার একটি মাস্ক কেনার সামর্থ্য রাখে না, সরকারি হিসাবে সেই পরিবার কীভাবে আর দরিদ্র নয়?

বিশ্বব্যাংকের হিসাবে ভারতের দারিদ্র্য কমার বড় সাফল্য থাকলেও বাস্তব জীবনে অর্থনৈতিক নিরাপত্তা এখনো অনেক পরিবারের নাগালের বাইরে। রাজস্থানের হেমা প্রজাপতের আশঙ্কা, তিনি এক দিন কাজ করতে না পারলেও পরিবারকে আবার চরম দারিদ্র্যের দিনগুলোতে ফিরে যেতে হতে পারে।

তার একমাত্র প্রত্যাশা, ছেলে যেন ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে।

সূত্র : আল-জাজিরা 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ভারত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: