সংগৃহীত ছবিশীতের রাতে মাথা গোঁজার ঠাঁই নেই অনেকের। খাবার ও চিকিৎসার অভাবে দিন কাটছে হাজারো মানুষের। তার ওপর ত্রাণের সংকটে বাড়ছে অসহায় মানুষের দুর্ভোগ। এমন পরিস্থিতিতে গাজায় দ্রুত ও বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে ইসরাইলের প্রতি কড়া বার্তা দিয়েছে ৫৩টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা। গত বৃহস্পতিবার জাতিসংঘের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ৫৩টি দেশ ও সংস্থার পক্ষে এ আহ্বান জানান যুক্তরাজ্যের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি সারাহ ম্যাকিনটোশ।
‘গাজায় মানবিক সহায়তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ’ শীর্ষক এই আহ্বানে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্য, কাতার ও জর্ডান। এতে তুরস্কসহ আরও কয়েকটি দেশ ও সংস্থা সমর্থন জানিয়েছে।
সারাহ ম্যাকিনটোশ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবে একটি পূর্ণাঙ্গ শান্তি পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। ওই পরিকল্পনায় গাজায় অবিলম্বে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর কথা বলা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশের কথা, তা ২০২৫ সালের ১৯ জানুয়ারি নির্ধারিত পরিমাণের চেয়ে কম হতে পারবে না। তবে এখনও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে জানান তিনি। তিনি আরও বলেন, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার মানবিক পরিস্থিতির উন্নতির কিছু সুযোগ তৈরি হয়েছে। রাজনৈতিকভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে পরিস্থিতির আরও উন্নতি সম্ভব।
তবে শীত শুরু হলেও গাজার অনেক মানুষ এখনও পর্যাপ্ত আশ্রয় পাচ্ছেন না। ফলে তাদের মধ্যে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ ও পানিবাহিত রোগসহ বিভিন্ন অসুস্থতার ঝুঁকি বাড়ছে। এসব রোগের অনেকে যথাযথ ব্যবস্থা নিলে প্রতিরোধ করা সম্ভব।
ইসরাইলের নির্বাচনের পর নতুন যে সরকার দায়িত্ব নেবে, তাদের প্রতি আহ্বান জানিয়ে সারাহ ম্যাকিনটোশ বলেন, গাজার সর্বত্র দ্রুত ও বাধাহীনভাবে ত্রাণ পৌঁছানোর সুযোগ দিতে হবে। এ জন্য ত্রাণ প্রবেশের সব কার্যকর সীমান্তপথ ও স্থলপথ খুলে দিতে হবে।
এ ছাড়া পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের হাসপাতালগুলোতে গাজার রোগীদের চিকিৎসা নিতে যাওয়ার ব্যবস্থা আবার চালু করার দাবি জানান সারাহ ম্যাকিনটোশ। একই সঙ্গে স্বাস্থ্যকর্মী ও ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনায় স্বচ্ছ ফৌজদারি তদন্ত শুরু করে দ্রুত শেষ করার আহ্বান জানান তিনি।
পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের জ্যেষ্ঠ প্রতিনিধি দল ও সাংবাদিকদের গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানান সারাহ ম্যাকিনটোশ। গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এসব সুযোগ নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি। অন্যদিকে গাজায় ত্রাণ কার্যক্রমে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ৫৩টি দেশ ও সংস্থা।
শীত মোকাবিলায় মানুষের জন্য আশ্রয়, বিশুদ্ধ পানি, পয়োনিষ্কাশনব্যবস্থা ও চিকিৎসাসামগ্রী সরবরাহে সহযোগিতা করবে তারা। এসব সহায়তার মাধ্যমে মানুষের দুর্ভোগ কমানোর পাশাপাশি বিভিন্ন রোগের ঝুঁকি মোকাবিলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করে দেশ ও সংস্থাগুলো।
গাজায় ইসরাইলের হামলায় এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২২ হাজারের বেশি শিশু। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। এখনও নিখোঁজ প্রায় ১০ হাজার ফিলিস্তিনি।